জামায়াতে ইসলামী দেশব্যাপী গণগ্রেফতার ও ছাত্র শিবিরের মিছিলে পুলিশের হামলা, গুলিবর্ষণের তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং ১৮ দলের পক্ষ থেকে ঘোষিত আগামীকাল সোমবার বিক্ষোভ কর্মসূচি সফল করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে।
গতকাল শনিবার দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এক বিবৃতিতে এ আহ্বান জানিয়ে বলেন, অতীতে কোন সরকারের সময় ইসলামী দল, আলেম-ওলামা এবং মুসল্লীদের উপর এমন জুলুম-নির্যাতন আর হয়নি। সারাদেশে বিরোধী দলের নেতা-কর্মী, আলেম-ওলামা এবং সাধারণ মানুষকে গণহারে গ্রেফতার করা হচ্ছে। আর যাদের গ্রেফতার করা হচ্ছে তাদের বিরুদ্ধে পাইকারিভাবে মামলা দেয়া হচ্ছে। তিনি সরকারের এ ধরনের অত্যাচার-নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে তিনি গ্রেফতারকৃত সকল রাজনৈতিক নেতা-কর্মীকে অবিলম্বে মুক্তি দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। সে সাথে ১৮ দলীয় জোটের পক্ষ থেকে ঘোষিত আগামীকাল সোমবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি সফল করার জন্য দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান।
জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমাদ অপর এক বিবৃতিতে নারায়ণগঞ্জের সাংস্কৃতিক সংগঠনের নেতা রফিউর রাব্বির ছেলে তানভির মুহাম্মদ ত্বকী দুর্বৃত্তদের হাতে নিহত হওয়ার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তিনি ত্বকীর রুহের মাগফিরাত কামনা করে শোক-সন্তপ্ত আত্মীয়-স্বজন ও পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। বিবৃতিতে ত্বকীর হত্যাকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। একইসাথে তিনি ত্বকীর হত্যার জন্য জামায়াত ও ছাত্র শিবিরকে দায়ি করার অপচেষ্টা চালানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, এ ঘটনার সাথে জামায়াত ও ছাত্রশিবিরের কারো কোন সম্পর্ক নেই।
