প্রজন্ম চত্বরের সমাবেশে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে :স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ০৯ মার্চ ২০১৩, ২২:২৯
স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, শাহবাগের প্রজন্ম চত্বরের সমাবেশ যাতে নির্বিঘ্নে হতে পারে সেজন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। তবে নিরাপত্তা বলয়ের কারণে সমাবেশে অংশগ্রহণ করতে যাতে কাউকে বিড়ম্বনায় পড়তে না হয় সেদিকেও লক্ষ্য রাখা হয়েছে। গতকাল শনিবার ঢাকা মহানগর নাট্যমঞ্চ মিলনায়তনে বাংলাদেশ মানবাধিকার কমিশনের জাতীয় সম্মেলন উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, গত বুধবার নয়া পল্টনে বিএনপির প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ নিজেরাই পণ্ড করে পরের দিন হরতাল ডেকেছে বিএনপি। সেদিনের হরতালে জনগণ সাড়া দেয়নি বলে মন্তব্য করেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, জামায়াত-শিবির একটি রাজনৈতিক দলের সহযোগিতা নিয়ে এ ধরনের হত্যাকাণ্ড ও সহিংসতা চালাচ্ছে। এসব বন্ধে কঠোর ব্যবস্থা নেয়া হয়েছে। তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হচ্ছে। তিনি বলেন, জামায়াত-শিবির সংখ্যালঘুদের ওপর নির্যাতন করে দেশে বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাদের দুরভিসন্ধি কখনো সফল হতে দেয়া হবে না।