শিক্ষা-বাণিজ্য বন্ধ করতে হবে

আপডেট : ০৯ মার্চ ২০১৩, ২২:৩০
শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ এমপি বলেছেন, শিক্ষার সকল স্তরে বিজ্ঞান চর্চা-শিক্ষাকে উত্সাহিত করতে হবে। সরকার এজন্য বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এর অনেকগুলো বাস্তবায়িত হচ্ছে। বিজ্ঞান সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করে তুলতে হবে। প্রশাসনসহ সকল ক্ষেত্রে বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহার করা সম্ভব হলে ঘুষ ও দুর্নীতি রোধ করা সম্ভব হবে। শিক্ষা নিয়ে বাণিজ্য বন্ধ করতে হবে। গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে অণুজীব বিজ্ঞান মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এ কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞান বিভাগ দিনব্যাপী এ মেলার আয়োজন করে। বিভাগের চত্বরে অনুষ্ঠিত মেলায় ঢাকার বিভিন্ন কলেজের দুই শতাধিক ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন। বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ উপস্থাপন, কুইজ প্রতিযোগিতা, পোস্টার প্রদর্শনী, ল্যাবরেটরি পরিদর্শন, উন্মুক্ত আলোচনাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, সকল স্তরের পাঠ্যপুস্তকেও বিজ্ঞান শিক্ষাকে দৃশ্যমান করতে হবে। বর্তমান বিশ্বায়নের প্রতিযোগিতায় টিকে থাকতে হলে একজন শিক্ষার্থীকে একইসঙ্গে কলা, বিজ্ঞান, সামাজিক বিজ্ঞানসহ সকল বিষয়েই জ্ঞান অর্জন করতে হবে। বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক মাহমুদা ইয়াসমীনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো: ইমদাদুল হক, অধ্যাপক মো: মোজাম্মেল হক, ড. সংগীতা আহমেদ।