যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করতে বিশেষ মহল ষড়যন্ত্রে লিপ্ত

আপডেট : ০৯ মার্চ ২০১৩, ২২:৩১
মানবতা বিরোধী ও যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করতে একটি বিশেষ মহল নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা দেশের মধ্যে নৈরাজ্য সৃষ্টি করে দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চাচ্ছে। এসব ষড়যন্ত্রের মূল উদ্দেশ্য যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করা। কিন্তু যত ষড়যন্ত্রই তারা করুক, যুদ্ধাপরাধীদের বিচার হবেই। গতকাল শনিবার পটুয়াখালীর বাউফলে উপজেলা চত্বরে মুক্তিযোদ্ধা মঞ্চে আয়োজিত মসজিদের ইমাম, আলেম-ওলামা, শিক্ষক ও শিক্ষানুরাগীদের এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ধর্ম প্রতিমন্ত্রী এডভোকেট শাহজাহান মিয়া এসব কথা বলেন। ধর্ম প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার ইসলামের খেদমতে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম চালু, ইমাম মুয়াজ্জিন কল্যান ট্রাস্ট গঠন, বায়তুল মোকাররমে সুউচ্চ মিনার তৈরী, মহিলা নামাজ কক্ষের স্থান সমপ্রসারণ করেছে। এছাড়া সরকার সুষ্ঠু হজ্ব ব্যবস্থাপনায় সক্ষম হয়েছে। এসব অর্জনে ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রি মহল অপপ্রচারে লিপ্ত হয়েছে। বিশেষ মহলটির অপপ্রচার ও ধংসাত্মক কার্যকলাপের বিরুদ্ধে রুখে দাঁড়াতে আলেম-ওলামাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। উপজেলা পরিষদ চেয়ারম্যান মজিবর রহমান মুন্সির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, পানি সম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান এমপি, হুইপ আসম ফিরোজ এমপি, কৃষক লীগের সাধারন সম্পাদক এডভোকেট শামছুল হক রেজা, জেলা প্রশাসক অমিতাভ সরকার, পুলিশ সুপার রফিকুল হাসান গণি, অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ, অধ্যক্ষ মাওলানা আবদুল হাই প্রমুখ।