পরিচ্ছন্ন রাখে সৈকতপাড়

আপডেট : ১০ মার্চ ২০১৩, ১৯:৪৯
একদল নারী। প্রত্যেকের সঙ্গে মাঝারি আকারের একটি করে প্লাস্টিকের বালতি। তারা সৈকতের পাড় ধরে হাঁটতে থাকেন আর চোখের সামনে যেকোনো আবর্জনা দেখলেই তা সঙ্গে সঙ্গে বালতিতে তুলে নেন। এভাবে প্রতিদিন তারা সকালে একবার ও বিকেলে একবার সৈকতের পাড় পরিচ্ছন্ন রাখার কাজ করছেন। পৃথিবীর সবচেয়ে দীর্ঘ সমুদ্র সৈকত কক্সবাজারে গেলেই দেখা যাবে সৈকতের এই পরিচ্ছন্নকর্মীদের। মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক এই পরিচ্ছন্নকর্মীদের পরিচালনা করছেন। পরিচ্ছন্নকর্মী হালিমা বেগম বলেন, ‘আমরা এই কাজ করে আসছি গত ছয়-সাত বছর ধরে। আমাদের বেতন মাসে ২ হাজার ১০০ টাকা। আর বছরে বোনাস দেয়া হয় দুই ঈদে। এছাড়া প্রতিমাসে একবার খাওয়ার আয়োজন করা হয় আমাদের জন্য।’ পরিচ্ছন্নকর্মী হোসনে আরা বেগম বলেন,‘সংসারের অন্যান্য কাজের মতো এটাও প্রতিদিন নিয়ম করে করতে আসি। দীর্ঘদিন করতে করতে এটা এখন নিয়মিত একটি অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। কেবল অভ্যাসই নয়, আমি যেমন রোজ আমার ঘর-বাড়ি পরিচ্ছন্ন রাখি, ঠিক তেমনি নিজের ঘর-বাড়ির মতোই মনে হয় এই সৈকতপাড়কে।’ পরিচ্ছন্নকর্মী মালেকা বেগম বলেন, ‘সৈকতে যারা বেড়াতে আসেন, তারা সবাই জানেন, সৈকতপাড়ে পলিথিন, কাগজ, চিপসের খালি প্যাকেট, চকোলেটের খোসা বা অন্যান্য ময়লা-আবর্জনা ফেলা নিষেধ। কিন্তু তারপরও পর্যটকরা এটা করেন। তাই কেবল আমরা পরিষ্কার করলেই হবে না, যারা বেড়াতে আসেন তাদেরকেও সতর্ক ও সচেতন হতে হবে। তবেই আমাদের সৈকতপাড় হবে পরিপূর্ণ পরিষ্কার-পরিচ্ছন্ন।’