অক্সফোর্ড স্ট্রিটে বর্ষা

আপডেট : ১০ মার্চ ২০১৩, ১৯:৫৫
গতকাল লন্ডনের এলফোর্ড এ আন্তর্জাতিকভাবে মুক্তি পেল এমএ জলিল অনন্তের সর্বশেষ ছবি ‘মোস্ট ওয়েলকাম’। আর এই চলচ্চিত্র নিয়ে এরই মধ্যে দেশে ব্যাপক তোলপাড় হয়েছে। তাই চলচ্চিত্রের এই জনপ্রিয় জুটি এখন লন্ডনে রয়েছেন তাদের নিজেদের শুটিং এবং পরবর্তী চলচ্চিত্রের কিছু শুটিংয়ের কাজের জন্য। এদিকে ইমেইলে বিনোদন প্রতিদিনকে চিত্রনায়িকা বর্ষা জানিয়েছেন, ‘আমাদের আগামী ছবি ‘মোস্ট ওয়েলকাম টু’-এর লোকেশন বাছাই থেকে শুরু করে শুটিংয়ের বেশ কিছু অংশ আমরা লন্ডনে করেই আসব। এ কারণে ছবির প্রিমিয়ার শেষে আমাদের এই শুটিংয়ের কাজে আমরা বেশ কিছুদিন অবস্থান করব।’ আর তাই ছবির শুটিংয়ের কাজে নিজের এই ব্যস্ততার পাশাপাশি তারকা দম্পতি বিলেত শহরের বিভিন্ন লোকেশনে ঘুরে বেড়াচ্ছেন। পাশের ছবিতে বর্ষা লন্ডনের অক্সফোর্ড স্ট্রিটে। এই স্ট্রিটসহ বেশ কিছু লোকেশনে ‘মোস্ট ওয়েলকাম টু’-এর অ্যাকশন দৃশ্য শুটিং করা হবে। উল্লেখ্য, ‘মোস্ট ওয়েলকাম টু’ চলচ্চিত্রটি পরিচালনা করছেন যৌথভাবে এমএ জলিল অনন্ত ও অনন্য মামুন। এদিকে চেন্নাইয়ের শুটিং শেষ করে পরিচালক অনন্য মামুনও দেশে ফিরেছেন সম্প্রতি। খুব শিগগিরই তার নতুন কাজেরও ঘোষণা দেবেন তিনি।