পার্থপ্রতিম মজুমদারের অনুষ্ঠান স্থগিত

আপডেট : ১০ মার্চ ২০১৩, ১৯:৫৬
দেশের মাইম শিল্পের বিকাশের লক্ষ্যে প্রতি বছর একবার করে দেশে আসছেন ফরাসি নাইট উপাধি প্রাপ্ত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাংলাদেশের মাইম শিল্পী পার্থপ্রতিম মজুমদার। তারই ধারাবাহিকতায় আজ দেশে আসার কথাছিল তার। কিন্তু দেশজুড়ে নাশকতামূলক কর্মকাণ্ড চলায় তিনি বিমানের টিকেট বাতিল করেছেন। এ তথ্য জানিয়ে মাইম শিল্পী নিথর মাহবুব বলেন, ‘পার্থপ্রতিম মজুমদার দেশে এলে তাকে নিয়ে আমরা ঢাকাসহ বিভিন্ন জেলায় মাইমের কর্মশালা পরিচালনা করি। এ বছরও আমাদের মাইম নিয়ে নানা পরিকল্পনা ছিল। কিন্তু এখন দেশের বর্তমান পরিস্থিতি আমাদের কর্মসূচির অনুকূল হবে না বলে দাদাকে আসতে বারণ করেছিলাম। দাদা গত পরশু জানিয়েছেন, তিনি দেশে আসার সিদ্ধান্ত স্থগিত করে বিমানের টিকেট বাতিল করেছেন। তবে পরিস্থিতি শান্ত হলে তিনি এ বছরই দেশে আসবেন। কারণ এবার এসে দেশে তিনি একটি মাইম ইনস্টিটিউট চালু করবেন। এটি তার বহু দিনের স্বপ্ন। ইনস্টিটিউট চালুর প্রায় সব প্রক্রিয়া শেষ হয়েছে। এখন পার্থদা দেশে এলেই এটি আনুষ্ঠানিকভাবে চালু হবে।’