কার্লোস তেভেজের হ্যাটট্রিকে গত শনিবার এফএ কাপের কোয়ার্টার ফাইনালে দ্বিতীয় স্তরের দল বার্নসলেকে ৫-০ গোলে হারিয়ে শেষ চারে উঠে যায় ম্যানচেস্টার সিটি। অপর কোয়ার্টার ফাইনালে এভারটনকে ৩-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে উইগান অ্যাথলেটিক।
আর্জেন্টিনার ২৯ বছর বয়সী তেভেজ গত বৃহস্পতিবার আইন অমান্য করে ফের গাড়ি চালনা করায় থানায় গিয়েছিলেন। এরপর জামিনে ছাড়াও পান তিনি। গত জানুয়ারিতে ইংল্যান্ডে গাড়ি চালনার ব্যাপারে তার উপর আদালতের ছয় মাসের নিষেধাজ্ঞা ছিল। নিষেধাজ্ঞা অমান্য করেছিলেন তেভেজ তাই থানা ঘুরে আসতে হলো তাকে। জামিনে ছাড়া পেলেও তার ছয় মাসের জেল হতে পারে। তবে সেসব ঘটনা পেছনে ফেলে তিনি শনিবারের ম্যাচে দুর্দান্ত নৈপুণ্য দেখান। ইত্তিহাদ স্টেডিয়ামে এই আর্জেন্টাইন কেবল তিনটি গোলই করেননি, সাহায্য করেছেন অপর দু’টি গোলেও।
সিটির ম্যানেজার রবার্তো মানচিনি অনায়াস এই জয়কে সহজ হিসেবে দেখতে নারাজ। তিনি বলেন,‘আমি খুশি ম্যাচের পর। এটা সহজ হতে পারে (এ স্তরের দলকে হারানো)। কিন্তু ম্যাচের আগে সহজ ছিল না। কারণ হতে পারে এমন প্রতিপক্ষের হারানোর কিছু থাকে না। এজন্য গুরুত্বপূর্ণ আপনি যখন ম্যাচটি খেলবেন অবশ্য ভালভাবে মনোযোগী হতে হবে।’ আগের সপ্তাহে প্রিমিয়ার লিগে তেভেজের একমাত্র গোলে ভর করে সিটি অ্যাস্টন ভিলাকে হারিয়েছিল। সেই ফর্ম ধরে রেখেছেন তেভেজ। পুলিশী ঝামেলাতেও হেরফের হয়নি নৈপুণ্যে। এই ম্যাচের ১১ মিনিটেই তেভেজ প্রথম গোল এনে দেন। সিটির ব্যবধান দ্বিগুণ করেন আলেকজান্দার কোলারোভ। চার মিনিট পার আবারো তেভেজ জ্বলে ওঠেন এবং সিটি ৩-০ ব্যবধানে এগিয়ে যায়। ম্যাচের ৫০ মিনিটে সামির নাসরির সহযোগিতায় তেভেজ হ্যাটট্রিক গোল করেন। ডেভিড সিলভা ১৫ মিনিট পর সিটির সাথে বার্নসলের ব্যবধান নিয়ে যান ৫-০ তে।
শনিবারের ফল
কোয়ার্টার ফাইনাল
এভারটন ০ উইগান ৩
ম্যানচেস্টার সিটি ৫ বার্নসলে ০
