মিলানের জন্য প্রস্তুত বার্সেলোনা

আপডেট : ১০ মার্চ ২০১৩, ২১:৩৭
লিওনেল মেসি ও অ্যালেক্সিস সানচেজের গোলে বার্সেলোনা ২-০ গোলে ডির্পোটিভো লা করুনাকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে এসি মিলানের মোকাবেলায় নিজেদের প্রস্তুতির কথা জানান দিল। গত শনিবার নূ ক্যাম্পে অনুষ্ঠিত খেলাটিতে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমে বিরল এক রেকর্ড ভেঙ্গে দেন মেসি। স্পানিশ লিগের নিচের দিকের দলটির বিরুদ্ধে ৮৮ মিনিটে গোল করেন এই আর্জেন্টাইন। এ নিয়ে লা লিগায় টানা ১৭ ম্যাচেই গোল করে এক বিরল রেকর্ড গড়েছেন ২৫ বছর বয়সী খেলোয়াড়টি। মেসির রেকর্ডের রাতে বার্সেলোনা লা লিগার পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান আরো শক্ত করেছে। শীর্ষে অবস্থান করছে দলটি। দ্বিতীয়স্থানে থাকা অ্যাতলেটিকো মাদ্রিদ থেকে মেসিরা ১৪ পয়েন্টে এগিয়ে। বার্সেলোনা আগামীকাল মঙ্গলবার নিজেদের মাঠে চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর ফিরতি লেগে মুখোমুখি হবে ইটালিয়ান জায়ান্ট এসি মিলানের। বার্সেলোনা প্রথম লেগে বিপক্ষের মাঠ সান সিরোয় স্বাগতিকদের কাছে ২-০ গোলে পরাজিত হয়েছিল। তাই টিটো ভিলানোভার অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত কোচ হিসেবে দায়িত্ব পাওয়া জর্দি রৌরার দলটি বড় চ্যালেঞ্জের মোকাবেলার আগে আত্মবিশ্বাসী এক জয় পেলো। চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটির কারণে মেসি এবং পাঁচ স্প্যানিশ আন্তর্জাতিক খেলোয়াড়কে মূল একাদশে রাখেননি রৌরা। ডেভিড ভিয়া শুরুর একাদশে ছিলেন। ৬২ মিনিটে তার বদলে মেসি মাঠে নেমেছিলেন। লা লিগায় মেসির এটি ৪০তম গোল। সর্বশেষ ১৭ ম্যাচে ২৭ গোল করেছেন বর্ষসেরা এই ফুটবলার। মেসি চলতি মৌসুমে সব টুর্নামেন্ট মিলিয়ে ৪১টি ম্যাচ খেলেছেন এবং গোল করেছেন ৫১টি। বার্সেলোনা দাবি করছে এটা বিশ্ব রেকর্ড। ১৯৩০ সালে পোলান্ডের ফরোয়ার্ড থিওডর পিউতেরেক টানা ১৬ ম্যাচে গোল করেছিলেন রাচ চরজোর হয়ে। ১৬ ম্যাচে তার গোল ছিল ২২টি। লিগের আরো ১১টি ম্যাচ বাকি রয়েছে। গত মৌসুমে মেসি লা লিগাতেই রেকর্ড ৫০ গোল করেছিলেন। এবারো গত মৌসুমের রেকর্ড ভেঙে দিতে পারেন তিনি। বার্সেলোনা ২৭ খেলা শেষে ২৩ জয় নিয়ে ৭১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের এক নম্বরে অবস্থান করছে। এক ম্যাচ কম খেলে অ্যাতলেটিকো মাদ্রিদ ৫৭ পয়েন্ট নিয়ে দুইয়ে এবং আরো দুই পয়েন্ট কম নিয়ে তিন নম্বরে রয়েছে লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। বার্সেলোনা কোচ টিটো ভিলানোভা বর্তমানে ক্যান্সারের চিকিত্সার জন্য নিউ ইয়র্কে অবস্থান করছেন। সে কারণেই দল সামলাচ্ছেন তার সহকারী জর্দি রৌরা। তিনি ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জানান মিলানের মোকাবেলা করতে তারা প্রস্তুত। রৌরা বলেন, ‘খেলোয়াড়দের শারীরিকভাবে ভাল দেখা যাচ্ছে। মিলানকে পেছনে ফেলতে যথাসাধ্য চেষ্টা থাকবে।’ শনিবারের ফল রায়ো ভায়েকানো ২ এস্পানিয়ল ০ রিয়াল ভ্যালাডোলিড ১ মালাগা ১ বার্সেলোনা ২ ডির্পোটিভো লা করুনা ০ মার্য়োকা ২ সেভিয়া ১