শিরোপার আরো কাছে বায়ার্ন

আপডেট : ১০ মার্চ ২০১৩, ২১:৩৮
বায়ার্ন মিউনিখ গত শনিবার অ্যালিয়েঞ্জ অ্যারেনাতে ফরচুনা ডুসেলডর্ফের বিপক্ষে জার্মান লিগে লড়াকু জয় তুলে নিয়ে শিরোপার আরো কাছাকাছি হলো। বায়ার্ন ৩-২ গোলে হারায় সফরকারীদের। আর তিনটি জয় পেলেই ২৩তম জার্মান লিগ শিরোপা ঘরে উঠবে বায়ার্নের। লিগে ২৫ খেলা শেষে বায়ার্ন বর্তমান চ্যাম্পিয়ন এবং পয়েন্ট টেবিলের দ্বিতীয়স্থানে থাকা বরুশিয়া ডর্টমুন্ড থেকে ২০ পয়েন্টে এগিয়ে রয়েছে। বুন্দেসলিগায় আর নয়টি খেলা বাকি। তবে বায়ার্ন বেশ আগেভাগেই শিরোপা নিশ্চিত করে ফেলতে পারে। সর্বশেষ ২০১০ সালে তারা বুন্দেসলিগা শিরোপা জিতেছিল। পরের দুই মৌসুম ডর্টমুন্ড শিরোপা নিজেদের করে নিয়েছিল। এবার ব্যাভারিয়ানরা শিরোপা পুনরুদ্ধার করতে যাচ্ছে। যদি বায়ার্ন পরপর তিন ম্যাচ জিততে পারে তাহলে শিরোপা নিশ্চিত। আগামী ৬ এপ্রিল বায়ার্নের তৃতীয় ম্যাচটি রয়েছে ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে। সেই ম্যাচেই শিরোপা নিশ্চিত হয়ে যেতে পারে। এর আগে বায়ার্ন ১৬ মার্চ বায়ার লেভারকুসেন এবং ৩০ মার্চ হামবুর্গের মুখোমুখি হবে। বায়ার্নের সামনে বিরল এক রেকর্ড গড়ার সুযোগ রয়েছে এবার। প্রথম জার্মান ক্লাব হিসেবে তারা ট্রেবল বা এক মৌসুমে তিনটি শিরোপা জিততে পারে। ইতিমধ্যে দলটি জার্মান কাপের সেমিতে উঠেছে। চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগেও আর্সেনালকে ৩-১ গোলে হারিয়ে এগিয়ে রয়েছে বায়ার্ন। আগামী বুধবার ফিরতি লেগ খেলতে জার্মানিতে আসবে গানাররা।