অবশেষে টেস্ট দলে রাজ্জাক

আপডেট : ১০ মার্চ ২০১৩, ২১:৩৮
টেস্টে দলের সঙ্গে যোগ দিতে আজ সোমবার দুপুরেই কলম্বোর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন জাতীয় দলের বাঁ-হাতি স্পিনার আব্দুর রাজ্জাক। হঠাত্ করেই গতকাল রবিবার নির্বাচক কমিটি টেস্ট দলে তার নাম ঘোষণা করেন। রাজ্জাকের দলে নেয়া প্রসংগে প্রধান নির্বাচক আকরাম খান বলেন, ‘জাতীয় দলের টিম ম্যানেজম্যান্ট শ্রীলংকা থেকে রাজ্জাককে দলে অন্তর্ভুক্তের জন্য অনুরোধ করেছে। তাই তাকে টেস্ট দলে ডাকা হয়েছে’। জাতীয় দলের অভিজ্ঞদের তালিকায় রাজ্জাক হলেন অন্যতম খেলোয়াড়। স্পিন আক্রমণে তিনিই দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে থাকেন। অথচ, ওয়ানডের তুলনায় রাজ্জাকের টেস্ট ম্যাচ খেলার সংখ্যা নিতান্তই নগণ্য। ১৩৮টি ওয়ানডে খেলে ফেললেও তার বিপরিতে মাত্র নয়টি টেস্ট খেলেছেন তিনি! ২০০৪ সালে ওয়ানডে অভিষেক হলেও টেস্ট অভিষেক হয়েছে তারও দুই বছর পর। ওয়ানডে বোলার হিসেবেই পরিচিতি পেয়ে গেছেন তিনি। তাই টেস্ট দলে তাকে বরাবরই দল থেকে দূরে রাখা হয়। অথচ, পরিসংখ্যান বলছে ভিন্ন কথা। ১৩৮টি ওয়ানডে ম্যাচে ১৯৫টি উইকেট তার, যার গড় ৪.৪৬। আর নয় টেস্ট ম্যাচে ১৮ উইকেট দিয়েছেন গড়ে ৩.৩৩ করে। তবুও টেস্ট দলে উপেক্ষিত হয়ে থাকেন রাজ্জাক। গত বছর হারারে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেছেন তিনি। গত বছর রাজ্জাকের টেস্ট ম্যাচ খেলার সংখ্যা মাত্র ১! ২০১০ সালে তিনটি, ২০০৯ সালে সুযোগ হয়নি টেস্ট খেলার। ২০০৮ সালে তিনটি, ২০০৭ ও ২০০৬ সালে একটি করে টেস্ট খেলেছেন তিনি। শ্রীলংকার গল টেস্টে এখন পর্যন্ত উইকেটের যে চেহারা, তাতে পেসারদের জন্য কিছুই নেই। তবে কলম্বোতে সিরিজের দ্বিতীয় টেস্টে স্পিনাররা রাজত্ব করতে পারে ভেবেই টিম ম্যানেজম্যান্টের রাজ্জাককে চেয়েছে। এদিকে জাতীয় দলের আরেক পেসার মাশরাফি বিন মুর্তজার ইনজুরি সেরে না ওঠায় শ্রীলংকা যাওয়া এক প্রকার অনিশ্চিত তার। শুধুমাত্র ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলতে পারবেন তিনি, কিন্তু ইনজুরির যে অবস্থা তাতে এই ঘরানার ক্রিকেট খেলাটাও সায় দিচ্ছে না তাকে।