ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে স্বাধীনতার সুফল সর্বত্র পৌঁছে দেয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন। রবিবার ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে জীববিজ্ঞান অনুষদ, আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদ এবং চারুকলা অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের ১ম বর্ষ সম্মান শ্রেণীর ছাত্র-ছাত্রীদের পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। ছাত্র-নির্দেশনা ও পরামর্শদান দফতরের পরিচালক অধ্যাপক শাহীন ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইমদাদুল হক, আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল ও চারুকলা অনুষদের ডিন অধ্যাপক সৈয়দ আবুল বারক আলভী বিশেষ অতিথি ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও ছাত্র উপদেষ্টাগণ বক্তব্য রাখেন।
উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক মহান মুক্তিযুদ্ধের সকল শহীদ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, অনেক ত্যাগ ও সংগ্রামের মাধ্যমে অর্জিত স্বাধীনতার মূল্য সকলকে উপলব্ধি করতে হবে। স্বাধীনতাকে সুসংহত করার জন্য সবাইকে কাজ করতে হবে।
