রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান অসুস্থ। উন্নত চিকিত্সার জন্য তাকে গতকাল রাতে এয়ার এম্বুলেন্সে করে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে। শ্বাসকষ্টের কারণে শনিবার রাতে তিনি অসুস্থ হয়ে পড়েন। গতকাল রবিবার ভোরে তাকে ঢাকা সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। রাষ্ট্রপতি পদাধিকার বলে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক। সামরিক হাসপাতালে তার পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা করে একটি মেডিক্যাল বোর্ড ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল দুপুরে সিএমএইচয়ে রাষ্ট্রপতিকে দেখতে যান এবং তার শয্যাপাশে কিছু সময় কাটান। এ সময় প্রধানমন্ত্রী চিকিত্সকদের কাছ থেকে রাষ্ট্রপতির শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন। তিনি তার আশু রোগমুক্তি কামনা করেন। প্রধানমন্ত্রীর সাথে ছিলেন তার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকী ও রাষ্ট্রপতির পুত্র নাজমুল হাসান পাপন এমপি।
