বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিঞা বলেছেন, সরকার চলমান রাজনৈতিক সংকট উত্তরণের জন্য সংলাপের কথা বললেও তাদের আচরণে আন্তরিকতার কোনো ছাপ দেখা যায় না। যদি তারা এ ব্যাপারে আন্তরিক হয় তাহলে বিএনপি সংলাপে বসতে রাজি।
মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমানের কড়া সমালোচনা করে তিনি বলেন, সংবিধান আমাদের এদেশে রাজনীতি করার অধিকার দিয়েছে। কিন্তু কোনো রাজনৈতিক দলের নিবন্ধন বাতিলের কথা আপনি বলতে পারেন না।
গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে স্বাধীনতা ফোরাম আয়োজিত এক মানববন্ধনে তিনি একথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদসহ সব কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
দেশের সংখ্যালঘু সমপ্রদায়ের ওপর হামলা ও বাড়িঘর ভাঙচুরের ঘটনার নিন্দা জানিয়ে তিনি বলেন, আমরা এ হামলা ও ভাঙচুরের বিচার চাই। সেজন্য নিরপেক্ষ তদন্তের জন্য সুপ্রিম কোর্টের একজন সাবেক প্রধান বিচারপতির নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠনের দাবি করছি।
সংগঠনের সভাপতি আবু নাসের মো. রহমাতুল্লাহর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বিএনপির সহ-তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, এলডিপির যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম প্রমুখ।
