শেষ পর্যন্ত ড্র হল ডানেডিন টেস্ট

আপডেট : ১০ মার্চ ২০১৩, ২১:৫৪
প্রথম ইনিংসে ব্যাটসম্যানদের ব্যর্থতায় ম্যাচের লড়াই থেকে বেশ পিছিয়ে পড়েছিল ইংল্যান্ড। কিন্তু সেই ব্যাটসম্যানদের দৃঢ়তাতেই নিউজিল্যান্ডের বিপক্ষে ডানেডিন টেস্ট শেষপর্যন্ত ড্র করলো ইংলিশরা। ফলে তিন ম্যাচের সিরিজে একই সমান্তরালেই থাকলো নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। প্রথম ইনিংসে ২৯৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে চতুর্থ দিনশেষে অধিনায়ক অ্যালিষ্টার কুক ও নিক কম্পটনের জোড়া সেঞ্চুরিতে মাত্র ১ উইকেট হারিয়ে ২৩৪ রান তুলে ইংল্যান্ড। ফলে হার এড়ানোর জন্য পঞ্চম ও শেষদিন গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় সফরকারীদের জন্য। সেই লক্ষ্যে খেলতে নেমে দিনের শুরুতেই হোঁচট খায় ইংল্যান্ড। ১০২ রানে অপরাজিত থাকা কম্পটনকে ১১৭ রানে থামিয়ে দেন নেইল ওয়াগনার। এরপর চার নম্বরে নামা জনাথন ট্রটকে নিয়ে নিউজিল্যান্ড বোলারদের উপর আধিপত্য বিস্তার করে খেলতে থাকেন নাইট ওয়াচম্যান স্টিভেন ফিন। বোলার থেকে ব্যাটসম্যান বনে গিয়ে ক্যারিয়ারের প্রথম হাফ-সেঞ্চুরিও তুলে নেন ফিন। কিন্তু অর্ধশতক পাবার পর আর ইনিংসটাকে বড় করতে পারেননি তিনি। ৫৬ রানে বিদায় নেন ফিন। একই অবস্থা হয় ট্রটেরও। টেস্ট ক্যারিয়ারের ১৫তম হাফ-সেঞ্চুরি তুলে ৫২ রানে থামেন ট্রট। ফলে ম্যাচের মোড় ঘুরানোর স্বপ্ন দেখতে থাকে নিউজিল্যান্ড। এরপর সেই স্বপ্ন আরো বড় হয় কেভিন পিটানসেন মাত্র ১২ রানে বিদায় নিলে। কিন্তু শেষদিকে ইয়ান বেল ও ম্যাট প্রিয়র উইকেটে থিতু গাথলে ড্র’ তেই শেষ হয় তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টটি। বেল ২৬ ও প্রিয়র ২৩ রানে অপরাজিত থাকেন। নিউজিল্যান্ডের পক্ষে ১৪১ রানে ৩ উইকেট নিয়েছেন নেইল ওয়াগনার। ওয়েলিংটনে আগামী ১৪ মার্চ অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় টেস্ট।-বাসস