স্বাধীনতা কাপ ফুটবল বাছাইয়ের প্রথম পর্ব থেকে দ্বিতীয় পর্বের বাছাইয়ে আট দল উঠেছে। উত্তর বারিধারা, ভিক্টোরিয়া, ওয়ারী ক্লাব, নৌবাহিনী, রহমতগঞ্জ, অগ্রণী ব্যাংক এবং চট্টগ্রাম আবাহনী নক আউট পর্বের খেলায় জিতেছে। নক আউট থেকে বাদ পড়া দলগুলো থেকে লটারির মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় অষ্টম দলটি নির্ধারণ করা হয়েছে। এই আট দল দ্বিতীয় পর্বের নক আউট পর্বে লড়াই করবে। এখান থেকে উঠে আসা চারটি দল নক আউটের তৃতীয় পর্বের খেলায় মুখোমুখি হবে। চার দলের শেষ বাছাই থেকে দুটি দল চূড়ান্ত পর্বে উঠবে। পেশাদার লিগের নয় দল, সাথে নক আউট থেকে বাছাই করা দুই দল, ১০ দল নিয়ে স্বাধীনতা কাপ ফুটবলের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে। গতকাল কমলাপুর স্টেডিয়ামে প্রথম পর্বের বাছাইয়ে অফিস দল অগ্রণী ব্যাংক ২-০ গোলে ঢাকা বিশ্ববিদ্যালয়কে হারায়। হিজাতুল ইসলাম গোল দু’টি করেন। ম্যাচ হেরেও ঢাকা বিশ্ববিদ্যালয় লটারি ভাগ্যগুণে দ্বিতীয় বাছাইয়ে সুযোগ পেল। চট্টগ্রাম আবাহনী ৪-০ গোলে হারিয়েছে বিকেএসপিকে। সোহেল মিয়া ২ এবং মাহবুব আহমেদ ২ গোল করেন। আগামীকাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে বেলা দেড়টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ও রহমতগঞ্জ, ওয়ারী ও অগ্রণী ব্যাংক এবং একই সময় কমলাপুর স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনী ও উত্তর বারিধারা এবং নৌবাহিনী ও ভিক্টোরিয়া মুখোমুখি হবে।
