বেনাপোল পৌরসভার প্যানেল মেয়র ও শার্শা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তারিকুল আলম তুহিন নিখোঁজ হওয়ার ঘটনার প্রতিবাদে শার্শায় আওয়ামী লীগের ডাকা ধর্মঘট চলছে। এর ফলে গতকাল রবিবার যশোর-বেনাপোল সড়কে দীর্ঘ ২০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার পর স্থানীয় সংসদ সদস্য শেখ আফিল উদ্দীনের রাজধানীর ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে বেরিয়ে নিখোঁজ হন তুহিন। তার নিখোঁজ হওয়ার পেছনে বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটনের হাত রয়েছে দাবি করে শার্শা উপজেলা আওয়ামী লীগ শুক্রবার এক প্রতিবাদ সভায় শনিবার সকাল থেকে লাগাতার ধর্মঘটের ডাক দেয়।
ধর্মঘটের কারণে যশোর-বেনাপোল সড়ক অবরোধ থাকায় বাস-ট্রাকসহ ভারী যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তবে রিকশা, ভ্যানসহ হালকা বিভিন্ন যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। ধর্মঘটে অচলাবস্থা সৃষ্টি হয়েছে বেনাপোল স্থল বন্দরে। যানবাহন চলাচল বন্ধ থাকায় যশোর-বেনাপোল সড়কের নাভারন থেকে ঝিকরগাছা পযন্ত দীর্ঘ ২০ কিলোমিটার ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে। এছাড়া নাভারন-সাতক্ষীরা সড়কেরও একই অবস্থা।
তুহিন নিখোঁজ হওয়ার ঘটনায় শার্শা উপজেলা আওয়ামী লীগ গতকাল রবিবার দুপুরে সংবাদ সন্মেলন করে। এতে লিখিত বক্তব্যে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরুজ্জামান বলেন, ‘ছাত্রলীগ নেতা তুহিনের খোঁজ না পাওয়া পর্যন্ত শান্তিপূর্ণভাবে লাগাতার সড়ক অবরোধ চলতে থাকবে’। এর আগে সকাল ১০টায় বেনাপোল পৌরসভার উদ্যোগে মানববন্ধন, প্রতিবাদ সভা ও সংবাদ সম্মেলন করা হয়। জানা গেছে, ৬ মাস ধরে তুহিনের সাথে বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটনের দ্বন্দ্ব চলে আসছে।
এ ব্যাপারে সংসদ সদস্য শেখ আফিল উদ্দীন জানান, তুহিন তার কাছেই ছিলেন। ন্যাম ফ্লাটের সিসি ক্যামেরায় বৃহস্পতিবার বেলা ১১টা ৩৮ মিনিটে সর্বশেষ তাকে বাইরে যেতে দেখা গেছে। এরপর তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। বিষয়টি প্রশাসনের সবমহলে জানানো হয়েছে। তাকে উদ্ধারের সব চেষ্টা করা হচ্ছে।
