কাদের মোল্লার সাজার বিরুদ্ধে আপিল শুনানি ৩১ মার্চ

আপডেট : ১০ মার্চ ২০১৩, ২২:২৫
সুপ্রিম কোর্টের আপিল বিভাগ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার যাবজ্জীবন সাজার বিরুদ্ধে সরকার ও আসামি পক্ষের আপিলের ওপর আগামী ৩১ মার্চ শুনানির দিন ধার্য করেছে। একইসঙ্গে আগামী ২৪ মার্চের মধ্যে আসামি পক্ষকে আপিলের সারসংক্ষেপ জমা দিতে বলা হয়েছে। প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগ গতকাল রবিবার এ আদেশ দেন। শুনানিতে সরকার পক্ষে এটর্নি জেনারেল এডভোকেট মাহবুবে আলম এবং আসামি পক্ষে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক অংশ নেন। এটর্নি জেনারেল বলেন, এ রায় নিয়ে দুটি আপিল হয়েছে। এসময় আদালত জিজ্ঞাসা করেন, আপিলের বাদী-বিবাদী কারা? তখন আসামিপক্ষের প্রধান আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক বলেন, একটিতে বাদী আমরা। অপরটিতে সরকার। এ পর্যায়ে আদালত বলেন, সারসংক্ষেপ কোথায়? ১০ দিনের মধ্যে এটা জমা দেবেন। জবাবে ব্যারিস্টার রাজ্জাক বলেন, সাধারণত চার সপ্তাহ সময় দেয়া হয়ে থাকে। আমরা সে সময়ের মধ্যে জমা দিবো। আদালত বলেন, আইনে মামলা নিষ্পত্তিতে ৬০ দিনের বাধ্যবাধকতা আছে। আপনারা দুই পক্ষই এখানে আছেন। তাই ২৪ মার্চের মধ্যে সারসংক্ষেপ দাখিল করবেন। ৩১ মার্চ শুনানি হবে। মানবতা বিরোধী অপরাধের দায়ে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-২ গত ৫ ফেব্রুয়ারি কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। ৬টি অভিযোগের মধ্যে ৫টিতে তাকে সাজা এবং একটিতে খালাস দেয়া হয়। ট্রাইব্যুনালের দেয়া রায়ে ৩টি অভিযোগে তাকে ১৫ বছর কারাদণ্ড এবং অপর দুইটি অভিযোগে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। এ রায়ের বিরুদ্ধে গত ৩ মার্চ আপিল করে সরকার। আপিলে কাদের মোল্লার সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড চাওয়া হয়। পরদিন ৪ মার্চ দণ্ডাদেশ থেকে খালাস চেয়ে আপিল করে কাদের মোল্লা।