বিজিএমইএ’র ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে শেষ হলো

আপডেট : ১০ মার্চ ২০১৩, ২২:২৬
তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ’র নির্বাচন গতকাল রবিবার শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। ভোট গ্রহণের কথা গতকাল সকাল আটটা থেকে চারটা পর্যন্ত থাকলেও ভোটার উপস্থিতি বেশি হওয়ায় এক ঘন্টা বাড়িয়ে বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। এবারের নির্বাচনে প্রায় ৮৫ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এছাড়া চট্টগ্রামেও ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। এবারের নির্বাচনে ‘সম্মিলিত পরিষদ’ ও ‘ফোরাম’ নামে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করেছে। ইসলাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আতিকুল ইসলাম সম্মিলিত পরিষদের এবং ফোরামের পক্ষে রাইজিং গ্রুপের এমডি মাহমুদ হাসান খান বাবু নেতৃত্ব দেন। তারা দুই জনেই এর আগে বিজিএমইএতে সহ-সভাপতির দায়িত্ব পালন করেছিলেন। বিজিএমইএ’র এবারের নির্বাচনে ২৭ পরিচালক পদের বিপরীতে দুই প্যানেল থেকে ৫৪ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর মধ্যে ঢাকায় ২০ পদের বিপরীতে ৪০ জন এবং চট্টগ্রামে ৭ পদের বিপরীতে ১৪ জন। এবারের নির্বাচনে ভোটার সংখ্যা তিন হাজার ১৯৬ জন। এর মধ্যে ঢাকায় দুই হাজার ৫৯২ ও চট্টগ্রামে ৬০৪ জন। নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা করা হবে ২০ মার্চ। এর পরদিন নির্বাচিত পরিচালকরা সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন করবেন। তারপর ২৫ মার্চ নতুন পর্ষদ ঘোষণা করা হবে।