মু খো মু খি

সবকিছুর মূলে তো আমাদের সুখে থাকা

আপডেট : ১১ মার্চ ২০১৩, ১৯:৫৭
নওশীন। উপস্থাপক, মডেল অভিনেত্রী। বছরের কোনো না কোনো সময় কোনো না কোনো কারণে আলোচনায় থাকছেন তিনি নানান প্রসঙ্গ নিয়ে। সম্প্রতি অভিনেতা হিল্লোলের সাথে তার বিয়ের খবর নিয়েই মিডিয়ায় বিভিন্ন ধরনের কথা শোনা যাচ্ছে। অতঃপর সেই বিষয়গুলো খণ্ডাতে বিনোদন প্রতিদিন-এর মুখোমুখি হলেন তিনি। সাক্ষাত্কার নিয়েছেন অর্ক হাসান গেল কয়েক সপ্তাহ ধরেই আপনার আর হিল্লোলের ব্যাপারে নানারকম মুখরোচক খবর প্রকাশ হচ্ছে। বিভিন্ন গণমাধ্যম বিভিন্ন ধরনের খবর প্রকাশ করছে। এই বিভ্রান্তির কারণ কী? এটা তো আমিও জানতে চাই। আমি এখন হিল্লোলের ব্যাপারে এ কারণে আর কোনো কথাই বলতে চাই না। আর দেখুন আমি রাখ-ঢাক করে চলার মানুষ না—এটা আমার পরিচিতরা সকলেই জানেন। এ অবস্থায় আমার বিয়ের খবরটি নিয়ে কেন আমি লুকোচুরি করব বলুন! কিন্তু বিষয়টি নিয়ে আপনি পরিষ্কার না করলে তো বিভ্রান্তি আরও ডালপালা ছড়াবে? সে কারণেই তো বলছি। এ বিষয়ে কোনো ধরনের কথা বলতে চাইছি না। কারণ কথা না বললেও যখন খবর হয়ে যাচ্ছে। তাই চুপ থাকি। যে যার মতো করে লিখতে থাকুক। তাহলে বিয়ের ব্যাপারটি সম্পূর্ণ ভিত্তিহীন বলছেন? গেল শুক্রবারের বিয়েকে কেন্দ্র করে আপনাদের এই নতুনভাবে আলোচনাটি কি একেবারেই অসত্য? হুমম একেবারেই ভিত্তিহীন। এক কথায় বললাম। তাহলে মূল ঘটনাটা কী? এর আগেও মিডিয়াতে সব ক্ষেত্রে প্রথমে অস্বীকার পরবর্তীতে তার প্রমাণ মিললে সেটি পুনরায় স্বীকার করতে দেখা গিয়েছে অনেককেই। আপনাদের ক্ষেত্রেও কী বিষয়টা সেরকমই? দেখুন শুক্রবারের ঘটনাটা হলো, আমার অসুস্থতাকে কেন্দ্র করে। আমার ঠোঁট কেটে যায়। ক’দিনের শুটিংও বাতিল করতে হয়। এটা আমার ডিরেক্টররাও জানেন। এই অসুস্থতার কথা শোনার পর স্বাভাবিকভাবেই হিল্লোল আমাকে দেখতে আসে। আর শুক্রবার যেহেতু, তাই বাসাতেও অনেক মেহমান ছিল। আমার আত্মীয়স্বজনেরা ছিল। এটাই এক কান-দু কান হয়ে বিয়ের গল্পে পরিণত হয়েছে। তাহলে বলছেন আপনার পরিবারের কাছেও আপনাদের সম্পর্কর বিষয়টা খুব ক্লিয়ার ছিল। হ্যাঁ...। আমরা তো দুজনেই ম্যাচিউরড। আর দুজনারই আগের ঘরের সন্তান রয়েছে। তাই দ্বিতীয় সংসারের আগে নিশ্চয়ই একটু ভেবে চিন্তেই মানুষ সিদ্ধান্ত নেবে। সবকিছুর মূলে তো আমাদের সুখে থাকা। তাই এ নিয়ে লুকোচুরি বা মিথ্যে বলে তো আমাদের দুজনার কারোরই কোনো লাভ নেই। গুজব বা গুঞ্জনের কথায় যদি বলি, তাহলে এমনও শোনা যাচ্ছে যে হিল্লোল তার আগের সংসারের মেয়ের বিষয়ে মামলা মোকদ্দমার কারণেই নাকি খানিকটা লুকোচুরি করছেন। এখনই জানাতে চাইছেন না। এর সত্যতা কতটুকু? সবটুকু তো আপনিই বললেন। দেখুন, পুরো বিষয়টা তো জটিল করার জন্য আমরা সম্পর্ক গড়ি না। যদি হিল্লোলের সন্তানের বিষয়টাই হয়, সেখানেও কিন্তু মিথ্যার কোনো ভিত্তি নেই। বা মিথ্যে বলে কোনো লাভ নেই। আমি আর হিল্লোল দুজনই দুজনার সন্তানকে নিয়ে খুব সুখী থাকতে চাই। সে কারণেই একটা সমাধান খুঁজছি। পুরো বিষয়টিই আমাদের দু পরিবারেরও জানা। তাই সবাইকে জানিয়ে, সবার আশীর্বাদ নিয়েই বিয়ের কাজটি করতে চাই। এবারে একটু অন্য প্রসঙ্গে আসি। সম্পর্কে গভীরতার পাশাপাশি দুজনে ব্যবসায়িক পার্টনার হিসেবেও উদ্যোগ নিয়েছেন। এ প্রসঙ্গে বলুন। আসলে আমি উদ্যোগ নিইনি। হিল্লোল অনেক আগে থেকেই সফল একজন ব্যবসায়ী। আমি ওর কাজে সহযোগিতা করছি মাত্র। আর আমি ওর মনের সঙ্গী যেহেতু সব সময়ের। পার্টনার তো বলতেই পারেন। এদিকে আপনাদের দুজনকে নাটকের ক্ষেত্রে এক সাথে কাস্ট না হলে নাকি দুজনই দুজনার ইউনিটে অনেক ভোগান। এমন অভিযোগ পাওয়া যায়। আমরা দুজনই কাজের মানুষ বলেই এমন অভিযোগ ওঠে। এমনি অনেক যুগল আছে, কই তাদের নিয়ে তো কথা ওঠে না। আমি এক কথায় বলতে চাই হিল্লোল ও আমার মতো প্রফেশনাল এই ইন্ডাস্ট্রিতে খুব কম আছে। নতুন কাজ প্রসঙ্গে একটু বলুন। অনেকগুলো কাজ একসাথে। সামনে আমাদের চলচ্চিত্রও আসবে ‘হ্যালো অমিত’ যেখানে আমি আর হিল্লোল জুটি। সবমিলিয়ে এ বছর ভালো কিছু কাজ উপহার দিতে পারব বলে আমার বিশ্বাস। সবার কাছে দোয়া চাই।