সিরিয়ার আলেপ্পোয় নদী থেকে গুলিবিদ্ধ ২০টি লাশ উদ্ধার

আপডেট : ১১ মার্চ ২০১৩, ২০:১২
সিরিয়ার সবচেয়ে গোলযোগপূর্ণ শহর আলেপ্পোর কুয়াইক নদী থেকে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় কমপক্ষে ২০টি লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার নদীতে ঐ লাশগুলো দেখতে পাওয়া যায় বলে দেশটির বিরোধী যোদ্ধারা জানিয়েছে। গত জানুয়ারি মাসের পর ‘শহীদের নদী’ হিসাবে পরিচিত ঐ নদী থেকে এটিই একদিনে সর্বোচ্চ মৃতদেহ উদ্ধারের ঘটনা। সরকারি বাহনীর গুলিতে তারা নিহত হয়েছে বলে জানা গেছে। গত জানুয়ারিতে এখান থেকেই ৬৫জনের লাশ পাওয়া যায়। সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোন মন্তব্য করা হয়নি। রাষ্ট্রীয় গণমাধ্যমে বলা হয়েছে, জানুয়ারিতে কুয়াইক নদী থেকে যেসব লোকজনের মৃতদেহ পাওয়া গেছে আল-নুসরা ফ্রন্ট তাদেরকে অপহরণের পর হত্যা করেছিলো।