শিক্ষার অন্যতম প্রধান উদ্দেশ্য হচ্ছে জ্ঞানার্জন করা। জ্ঞানার্জনে বই পড়ার কোনো বিকল্প নেই। শিক্ষাই একজন মানুষকে পরিপূর্ণ জ্ঞানী করে তুলতে পারে। প্রাচীনকালে ব্রিটিশদের চাপিয়ে দেওয়া সার্টিফিকেট তৈরির কারখানাই আমাদের বর্তমান শিক্ষাব্যবস্থা। এ শিক্ষাব্যবস্থায় জ্ঞানার্জনের সুযোগ-সুবিধা খুবই নগণ্য। জ্ঞানার্জনের সহায়ক গ্রন্থাগার। আধুনিক বিশ্বে গ্রন্থাগার জ্ঞানার্জনের একটি তীর্থস্থান। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমাদের দেশে বেশিরভাগ গ্রন্থাগারই তালাবদ্ধ অবস্থায় পড়ে আছে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর। তেমনি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা পাবলিক গ্রন্থাগারটি দীর্ঘদিন ধরে তালাবদ্ধ অবস্থায় পড়ে আছে। নষ্ট হয়ে যাচ্ছে শত শত বই। জ্ঞানাগার তালাবদ্ধ হওয়ায় জ্ঞানার্জন থেকে বঞ্চিত হচ্ছে উপজেলাবাসী। জানা যায়, ১৯৮৯ সালের ৩০ আগষ্ট তত্কালীন উপজেলা পরিষদ চেয়ারম্যান এ পাবলিক গ্রন্থাগারটির শুভ উদ্বোধন করেন। উদ্বোধনের পর অনেক দিন তালাবদ্ধ ছিল। এরপর মাঝখানে কিছুদিন খোলা রাখার পর আবারও তালাবদ্ধ হয়ে যায় গ্রন্থাগারটি। বর্তমানেও তালাবদ্ধ অবস্থায় রয়েছে। কারণ একজন লাইব্রেরীয়ানের অভাব। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করছি।
মারুফ খান, লোহাগাড়া, চট্টগ্রাম
