ইসলামী ছাত্রশিবিরকে ‘মূল স্রোতে’ ফিরে আসার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, জাতির কাছে ক্ষমা চেয়ে শপথ করে পূর্বপুরুষদের অপকর্ম থেকে মূল স্রোতে ফিরে আসুন। বোধোদয় না ঘটলে রাজাকার-আলবদর ও জামায়াত-শিবিরের ঘাতকরা পালাবার পথ পাবে না। দেশাত্মবোধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে নতুন প্রজন্ম ‘অহিংস’ আন্দোলন করছে বলে তিনি উল্লেখ করেন।
গতকাল সোমবার সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা-২০১৩-এর উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠিত শোভাযাত্রা শেষে অনুষ্ঠিত সমাবেশে তিনি এ কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল থেকে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত শোভাযাত্রা হয়। এতে ঢাকা মহানগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী অংশ নেয়। শিক্ষা সচিব কামাল আবদুল নাসের চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ফাহিমা খাতুন প্রমুখ সমাবেশে বক্তব্য দেন।
