নারায়ণগঞ্জে ডিসি অফিস ঘেরাও

আপডেট : ১১ মার্চ ২০১৩, ২২:৪৯
নারায়ণগঞ্জে মেধাবী শিক্ষার্থী তানভীর মুহাম্মদ ত্বকি হত্যাকাণ্ডের ঘটনার খুনিদের গ্রেপ্তার ও বিচার দাবিতে সোমবার নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করা হয়। নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের নেতাকর্মীরা দ্রুত খুনিদের খুঁজে বের করতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন। নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের লোকজন সকালে চাষাঢ়া শহীদ মিনারে জমায়েত হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের অভিমুখে রওনা দেন। সকাল ১১-৪০ মিনিটে যখন চাষাঢ়া হতে শত শত বিক্ষুব্ধ মানুষের মিছিলটি ডিসি অফিসের সামনে আসা শুরু হয় তখন বাধা দেয়া হয়। ক্ষুব্ধ মানুষ পুলিশের কঠোর বেষ্টনী আর মূল ফটকের তালা ভেঙে প্রবেশ করে ডিসি অফিসের প্রাঙ্গণে। জেলা প্রশাসক মনোজ কান্তি বড়াল নিচে নেমে এসে উপস্থিত লোকজনের উদ্দেশে বলেন, ‘ত্বকি হত্যাকাণ্ড খুবই দুঃখজনক ও বেদনাদায়ক। দ্রুত খুনিদের গ্রেফতারে প্রশাসন চেষ্টা চালিয়ে যাবে। ইতিমধ্যে পুলিশ ৩টি কমিটি গঠন করেছে। তারা কাজ করছে। স্মারকলিপি প্রদানের সময়ে উপস্থিত ছিলেন খেলাঘর নারায়ণগঞ্জ জেলার সভাপতি রথিন চক্রবর্তী, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি প্রদীপ ঘোষ বাবু, ভবানী শংকর রায়, উদীচীর জেলা সভাপতি জাহিদুল হক দীপু, সিপিবি সভাপতি হাফিজুল ইসলাম, বাসদ জেলা সমন্বয়ক নিখিল দাস, তরিকুল সুজন, ওয়ার্কার্স পার্টির সম্পাদক হিমাংসু সাহা, অমল আকাশ, জহিরুল ইসলাম, ধীমান সাহা জুয়েল, ছাত্র ফ্রন্টের সজল বাড়ৈ, ছাত্র ইউনিয়নের সভাপতি অনিন্দ্য সাহা তুলতুল, ছাত্র ফেডারেশনের সভাপতি রফিকুল বাপ্পি প্রমুখ।