ম্যান্ডেলা স্মৃতি হারাচ্ছেন

আপডেট : ১১ মার্চ ২০১৩, ২২:৫০
দক্ষিণ আফ্রিকার বর্ণবৈষম্য বিরোধী অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা সুস্থ হয়ে উঠছেন। তবে তিনি স্মৃতি হারাচ্ছেন বলে তার এক ঘনিষ্ঠ বন্ধু জানিয়েছেন। ৯৪ বছর বয়সী ম্যান্ডেলা মেডিক্যাল চেক-আপের জন্য শনিবার প্রিটোরিয়ার একটি হাসপাতালে ভর্তি হন। প্রেসিডেন্টের কার্যালয় থেকে জানানো হয়, নিয়মিত চেকআপের পর পরদিন তিনি হাসপাতাল ছেড়ে জোহানেসবার্গের বাসায় চলে যান। তিনি আগের চেয়ে ভাল আছেন। খবর এএফপি ও বিবিসির। দক্ষিণ আফ্রিকার মানবাধিকার বিষয়ক প্রখ্যাত আইনজীবী ও ম্যান্ডেলার ঘনিষ্ঠ বন্ধু জর্জ বিজোস গতকাল সোমবার বলেন, ম্যান্ডেলা চলমান রাজনীতি সম্পর্কে অবগত থাকলেও দুর্ভাগ্যজনকভাবে তিনি ভুলে গেছেন বর্ণবৈষম্য বিরোধী আন্দোলনের সময়কার তার অনেক সহকর্মীর কথা। তাকে ওয়াল্টার সিসুলু ও আরো কয়েকজন বর্ণবাদ বিরোধী নেতার কথা বলা হলে তিনি তাদের চেহারা মনে করতে পারেননি। বিজোস বলেন, দশ দিন আগে ম্যান্ডেলার সঙ্গে তার দেখা হয়েছে। ম্যান্ডেলাকে দেখে সুস্থই মনে হয়েছে। দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা ১৯৯৪ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।