রাষ্ট্রপতির অবস্থার উন্নতি হয়নি

আপডেট : ১১ মার্চ ২০১৩, ২২:৫১
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে গতকাল সোমবার বাদ মাগরিব দেশের সকল মসজিদে এবং অন্যান্য উপাসনালয়ে অসুস্থ রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের আশু সুস্থতা কামনা করে দোয়া ও প্রার্থনা করা হয়েছে। রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন। তিনি শ্বাসকষ্ট ও ফুসফুসের জটিলতায় ভুগছেন। ঢাকা থেকে রবিবার রাতে এয়ার এ্যাম্বুলেন্সযোগে রাষ্ট্রপতিকে উন্নত চিকিত্সার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। তাকে হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রাখা হয়েছে। হাসপাতালের বিশেষজ্ঞ চিকিত্সকরা ইতিমধ্যে রাষ্ট্রপতির স্বাস্থ্য পরীক্ষা ও চিকিত্সা শুরু করেছেন। সিঙ্গাপুরে স্থানান্তরের পর তার শারীরিক অবস্থার কোন উন্নতি হয়নি বলে ঢাকায় প্রাপ্ত খবরে জানা গেছে। শ্বাসকষ্টের কারণে শনিবার রাতে রাষ্ট্রপতি অসুস্থ হয়ে পড়েন। রবিবার ভোরে তাকে ঢাকা সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। এই হাসপাতালের চিকিত্সকদের পরামর্শ অনুযায়ী উন্নত চিকিত্সার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। রাষ্ট্রপতির সঙ্গে তার ব্যক্তিগত চিকিত্সক ব্রিগেডিয়ার জেনারেল মোতাহার হোসেনও রয়েছেন। মো. জিল্লুর রহমান ২০০৯ সালে দেশের রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করেন। গত ৯ মার্চ শনিবার ছিল তার ৮৫তম জন্মদিন। গত ডিসেম্বরে রাষ্ট্রপতি চিকিত্সার জন্য লন্ডন যান। সেখানে একটি হাসপাতালে তার মেডিক্যাল চেকআপ করা হয়।