ফুলবাড়ীয়া উপজেলার আছিম বাজারে রবিবার রাতে কালী মন্দিরের ৩টি মূর্তি ভাংচুর করা হয়েছে। এ ঘটনার পর থেকে ঐ এলাকার হিন্দুদের মাঝে আতংক বিরাজ করছে। থানা পুলিশ ভাঙ্গা মূর্তি উদ্ধার করেছে। উপজেলার আছিম বাজারে পশ্চিম পাশে ৩ বছর আগে একটি কালী মন্দির স্থাপন করে পূজা অর্চনা করে আসছিল হিন্দু সম্প্রদায়ের লোকজন। এ মন্দিরে থাকা মূর্তিগুলোর মধ্যে রবিবার রাতে সরস্বতী, লক্ষ্মী মূর্তি পুরোটাই ভাংচুর ও মহাদেব মূর্তির আংশিক ভাংচুর করেছে কে বা কারা। স্থানীয় চেয়ারম্যান এসএম সাইফুজ্জামান জানান, এর আগেও হরতালের সমর্থনে মিছিলকারীরা স্থানীয় ইউনিয়ন পরিষদের কার্যালয় ভাংচুর, আছিস শাহাবুদ্দিন কলেজে ছাত্র-ছাত্রীদের ওপর ও বাজারে হামলা করে আতংক সৃষ্টির চেষ্টা করে। স্থানীয় আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম মাস্টার জানান, স্বাধীনতা বিরোধী জামায়াত চক্র মন্দির-মূর্তি ভাংচুর করে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করছে। রবিবার রাতে মন্দিরের মূর্তি ভাঙ্গার পর থেকে হিন্দু সম্প্রদায়ের মাঝে আতংক ছড়িয়ে পড়েছে। মন্দির কমিটির সভাপতি সুনীল চন্দ্র তরফদার জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।
