চলতি বছর হজ্ব প্যাকেজের খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এ বছর মোট হজ্বযাত্রীর সংখ্যা ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন। এর মধ্যে সরকারি-ভাবে ১০ হাজার হজ্বযাত্রী পবিত্র হজ্ব পালনের সুযোগ পাবেন। গতকাল সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ হজ্ব প্যাকেজের অনুমোদন দেয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারের হজ্বে যাওয়ার মাথাপিছু সর্বনিম্ন খরচ নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৭৯ হাজার টাকা।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব ব্রিফিংয়ে বলেন, এবারের হজ্ব প্যাকেজ হবে দু’টি। এর মধ্যে প্যাকেজ-১ এ কুরবানী বাদে প্রত্যেক হজ্বযাত্রীর ৩ লাখ ৪৭ হাজার ২৭ টাকা লাগবে। আর প্যাকেজ-২ এ প্রত্যেক হজ্বযাত্রীর খরচ পড়বে দুই লাখ ৭৮ হাজার ৭৪২ টাকা। তবে কুরবানীর জন্য প্রতি হজ্বযাত্রীকে ৪৫০ রিয়াল সঙ্গে নিতে হবে। হজ্ব প্যাকেজ দুটিতেই বিমানভাড়া সমান। এবারে বিমানভাড়া ধরা হয়েছে ১ লাখ ২২ হাজার ৮২৭ টাকা। যা গতবারের চেয়ে কম। তিনি বলেন, ডলারের মূল্য ৮০ টাকা ৫০ পয়সা হিসাবে টাকা নির্ধারণ করা হয়েছে। ডলারের দাম কম বেশি হলে ব্যয়ও তারতম্য হবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এ বছর হজ্বযাত্রীদের ৭০ ভাগ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে বহন করার বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে। বাকি ৩০ ভাগ হজ্বযাত্রী বহন করবে বিদেশি এয়ারলাইন্স।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, এবারের হজ্ব প্যাকেজ ১ এর জন্য খরচ বাড়ছে ৪৩ হাজার ৫২৭ টাকা। অপরদিকে হজ্ব প্যাকেজ ২ এর খরচ কমেছে ২৪ হাজার ৬৫৮ টাকা। প্রথম হজ্ব প্যাকেজ বাড়িভাড়া ধরা হয়েছে ১ লাখ ৫০ হাজার ৫৫১ টাকা। প্যাকেজ ২ এর জন্য বাড়ি ভাড়া ৮২ হাজার ৭৯০ টাকা। মন্ত্রিপরিষদ সচিব বলেন, বেসরকারি হজ্ব প্যাকেজ সরকারি প্যাকেজের চেয়ে কম হতে পারবে না। কারণ তাতে হাজীদের সেবার মান খারাপ হবে।
