বিএনপির অর্ধশত নেতা ডিবিতে

আপডেট : ১১ মার্চ ২০১৩, ২২:৫৭
নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয় থেকে গ্রেফতারকৃত নেতা-কর্মীদের ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে। গতকাল সন্ধ্যার পর নিরাপত্তার জন্য এসব নেতা-কর্মীদের ডিবিতে নেয়া হয়। ডিবির একজন পদস্থ কর্মকর্তা জানান, গ্রেফতারকৃতদের মধ্যে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকা, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান, যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাজাহান, প্রচার সম্পাদক ও বিরোধী দলের চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক, সহ-দফতর সম্পাদক আব্দুল লতিফ জনি, জাতীয়তাবাদী মত্সজীবী দলের সাংগাঠনিক সম্পাদক আব্দুল আউয়াল খান, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মনির হোসেন, যুবদল কেন্দ্রীয় কমিটির সদস্য তাইফুল ইসলাম টিপুসহ ৮০ জন নেতা-কর্মী রয়েছেন। এদের বিরুদ্ধে পল্টনে দলীয় কার্যালয়ের সামনে বোমা বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় আসামি দেখানো হবে। ডিবির ঐ কর্মকর্তা আরো জানান, নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে বোমা বিস্ফোরণের ঘটনায় রাতেই পল্টন থানায় মামলা দায়ের করা হতে পারে।