বঙ্গবন্ধুর স্বপ্ন ও সংগ্রাম শিশু-কিশোরদের জন্য লেখা একখানি প্রবন্ধের বই। এটি বাংলাদেশ শিশু একাডেমীর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিশুগ্রন্থমালা সিরিজের বার নম্বর বই। এটি সম্পাদনা করেছে প্রখ্যাত কথাশিল্পী ও প্রাবন্ধিক সুব্রত বড়ুয়া।
গ্রন্থটির ভূমিকায় সম্পাদক সুব্রত বড়ুয়া লিখেছেন:
স্বাধীন সার্বভৌম বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একদিকে যেমন বাংলার ইতিহাসের এক মহানায়ক, অন্যদিকে তেমনি তিনি নিজেই এক মহান ইতিহাসের স্রষ্টা। তিনিই এ যুগে বাঙালির স্বাধীন রাষ্ট্রসত্তার স্বপ্ন দেখেছিলেন এবং নিজের জীবনের বিনিময়ে সেই স্বপ্নকে বাস্তবে রূপদান করেছেন। বাঙালির রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক মুক্তির লক্ষ্যে অবিচলিত দৃঢ় পদক্ষেপে তাঁর এগিয়ে যাওয়ার ইতিহাসই এদেশের মানুষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস। এই ইতিহাস হূদয়ে ধারণ করতে না পারলে বাংলাদেশের সত্যিকার পরিচয়ের সন্ধান লাভও কখনো সম্ভব নয়। তাই রাজনীতিবিদ শেখ মুজিবকে জানা যেমন জরুরি, তেমনি জরুরি ব্যক্তি মুজিবকেও জানা। অবশ্যই স্বীকার করতে হবে, রাজনীতিই ব্যক্তি মুজিবের জীবনচর্চার কেন্দ্রভূমি। কিন্তু নিশ্চয়ই সে রাজনীতি দেশ ও দেশের মানুষকে বাদ দিয়ে নয়। বরং মানুষের প্রতি ভালোবাসাই ছিল তাঁর রাজনীতিচর্চার সূচনাবিন্দু; মানুষকে ভালোবেসেছিলেন বলেই রাজনীতির মধ্য দিয়ে সেই মানুষের কল্যাণেই তাঁর জীবন ও কর্মসাধনা উত্সর্গ করতে পেরেছিলেন তিনি।
আলোচ্য গ্রন্থটিতে বঙ্গবন্ধুর সেই বর্ণাঢ্য জীবনের নানা ঘটনা ও কাহিনী সংকলিত প্রবন্ধ নিবন্ধে সহজ সরল ভাষায় বর্ণনা করা হয়েছে। গ্রন্থটির লেখকবৃন্দ হলেন: আবুল ফজল, কবীর চৌধুরী, রোকনুজ্জামান খান, আবদুল্লাহ আল মুতী, আইভি রহমান, সরদার ফজলুল করিম, রফিকুল ইসলাম, শেখ হাসিনা, গোলাম সামদানী কোরায়শী, তোফায়েল আহমেদ, শরদিন্দু শেখর চাকমা, আবদুল গাফফার চৌধুরী, মুনতাসীর মামুন, বিপ্রদাশ বড়ুয়া, আবুল মোমেন, মোনায়েম সরকার, সোহরাব হাসান, মুস্তফা মাসুদ, আমিনুর রহমান সুলতান, খালেক বিন জয়েনউদদীন প্রমুখ। গ্রন্থটির ভেতরে রয়েছে বঙ্গবন্ধু এবং তাঁর পরিবারের অনেকের কিছু দুর্লভ ছবি। শিল্পী হাশেম খানের অলঙ্ককরণে গ্রন্থটি আরো আকর্ষণীয় হয়েছে। গ্রন্থটি উন্নতমানের কাগজে ছাপা। মূল্য পঁচাশি টাকা। শিশু কিশোরদের কাছে বঙ্গবন্ধুর স্বপ্ন ও সংগ্রাম গ্রন্থটি সমাদৃত হবে বলে আমার দৃঢ় বিশ্বাস।
মোস্তাফিজুর রহমান জুয়েল
