টুঙ্গী পাড়ার দামাল ছেলে মধুমতির জলায়
ডিঙিনায়ে পাল খাটিয়ে গাইতো দরাজ গলায়,
পাঠশালাতে পড়ার ফাঁকে খুঁজতো পাখির ছানা
সাহসী সেই ছেলের কথা কার না আছে জানা?
মায়ের প্রিয় বাবার প্রিয় সবার প্রিয় খোকা
লেখাপড়ায় দেয়নি ফাঁকি, দেয়নি মোটে ধোকা।
যেই ছেলেটি সত্ সাহসে করতো সবার হিত
সেই ছেলেটির মনটাও তাই ছিল আলোকিত।
