‘নাচো বাংলাদেশ নাচো’র বিজয়ী হয়েছেন চট্টগ্রামের সূচনা বনিক, দ্বিতীয় বিজয়ী ঢাকার মিম চৌধুরী এবং তৃতীয় বিজয়ী চট্টগ্রামের জয়ন্তী বনিক। গত ১১ মার্চ, সোমবার, হোটেল রূপসী বাংলার উইন্টার গার্ডেনে অনুষ্ঠানটির বর্ণাঢ্য চূড়ান্ত আয়োজন অনুষ্ঠিত হয়। বাংলাভিশনের অনুষ্ঠান প্রধান শামীম শাহেদ বলেন, ‘এই প্রতিযোগিতায় আমাদের সঙ্গে যারা ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ। দ্বিতীয় সেশনে আশা করি, তারা আমাদের সাথে থাকবেন।’ বর্ণাঢ্য চূড়ান্ত আয়োজনের অনুষ্ঠানে জনপ্রিয় নৃত্যশিল্পী ও অভিনয়শিল্পী অপি করিম, রিচি সোলায়মান, স্বাগতা, শখ, নিসা, রথি, সম্প্রীতি নৃত্য পরিবেশন করেন। লাকি সেভেনের সেরা সাত প্রতিযোগীও নৃত্য পরিবেশন করেন। এই প্রতিযোগিতার মূল বিচারক ছিলেন নৃত্যশিল্পী শিবলী মহম্মদ, চিত্রনায়ক ফেরদৌস এবং মডেল ও নৃত্যশিল্পী ফারজানা রিয়া চৌধুরী। প্রতিযোগিতায় প্রথম বিজয়ী পেয়েছেন ৫ লক্ষ টাকা ও একটি হীরার মুকুট। দ্বিতীয় বিজয়ী পেয়েছেন ৩ লক্ষ টাকা। তৃতীয় বিজয়ী পেয়েছেন ১ লক্ষ টাকা এবং বাকি চারজন পেয়েছেন ২৫ হাজার টাকা করে।
