গান ও নাচ নিয়ে কারিনার যুদ্ধ

আপডেট : ১২ মার্চ ২০১৩, ২০:০১
সেন্সর বোর্ডের সাথে টেক্কা দেওয়া, এক প্রকার যুদ্ধই বলা চলে। ভারতীয় সেন্সর বোর্ড দিনকে দিন যেন কড়া হয়ে উঠছে। একের পর এক বিষয়ে নিষেধাজ্ঞা জারি করছে তারা। কিছুদিন আগে তারা বলেছে, সিনেমায় সিগারেটের ব্যবহার একেবারেই বাদ দিয়ে দিতে হবে। এবার তারা আইটেম গানে অশ্লীল বা আবেদনময়ী ভাষা কিংবা অত্যন্ত আবেদনময়ীভাবে নাচাতেও নিষেধাজ্ঞা জারি করেছে। এর জন্য সম্প্রতি তারা সেন্সর বোর্ডের সার্টিফিকেটের কয়েকটি ক্যাটাগরির কথাও উল্লেখ করেছে। অন্যদিকে কারিনা কাপুর বলেছেন, ‘নাচ ও গান আমি নিয়মিতই করে যাব। যে যাই বলুক না কেন সেদিকে আমি কান দিই না। আমাদের দর্শক যখন ‘শিলাকি জওয়ানি’, ‘মুন্নি বদনাম হুয়ি’ এবং ‘ফেভিকল সে’ ভালোভাবে গ্রহণ করেছে, আশা করি ভবিষ্যতেও গ্রহণ করবে। আর ভারতীয় চলচ্চিত্রের অন্যতম ঐতিহ্যই হচ্ছে গান ও নাচ। এর উপর এই ধরনের উদ্ভট আইন তৈরি করার কোনো মানে হয় না। দর্শক সব সময়ই ‘শিলাকি জওয়ানি’, ‘মুন্নি বদনাম হুয়ি’ অথবা ‘ফেভিকল সে’এর মতো গান চায়।’