টানা দুইমাস চেন্নাইসহ ভারতের একাধিক লোকেশনে শুটিং শেষে অতঃপর দেশে ফিরেছেন তরুণ চিত্র পরিচালক অনন্য মামুন। এমএ জলিল অনন্তের ‘মোস্ট ওয়েলকাম টু’-এর শুটিংয়ের অনেকখানি কাজ শেষ করলেন তিনি। এখনকার ব্যস্ততা প্রসঙ্গে মামুন বলেন, ‘দেশে এসে প্রথমে এ বছরের কাজের শিডিউলগুলো গোছাচ্ছি। খুব শিগগিরই নতুন চলচ্চিত্রের নাম ঘোষণা করব। এ ছাড়া টিভি সিরিয়ালের কাজও শেষ করার ইচ্ছে আছে। খুব ভালো লাগছে লন্ডনে আমার পরিচালিত ‘মোস্ট ওয়েলকাম’ ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হচ্ছে দেখে। এটি বাংলাদেশিদের জন্য অন্যতম একটি রেকর্ড। নিজেকে একটু একটু করেই এভাবে এগিয়ে নিয়ে যেতে চাই।’
উল্লেখ্য, ‘মোস্ট ওয়েলকাম টু’-এর সিক্যুয়েল ছাড়াও বাপ্পারাজকে নিয়ে ‘কাছে এসে ভালোবেসো’ চলচ্চিত্রেরও অনেক কাজ বাকি রয়েছে। সেই কাজ প্রসঙ্গে মামুন বলেন, ‘ছবিটি আসলে প্রযোজকসহ কিছু জটিলতায় আটকে আছে। তবে এ বছরই এ ছবির অধিকাংশ কাজ শেষ করব। এ ছবিটিও এ বছরের অন্যতম মাইলফলক হবে বলে আমার বিশ্বাস।’
