গ্রীনট্রেড ইনভেস্টমেন্ট সম্মেলন ও প্রদর্শনী শুরু

আপডেট : ১২ মার্চ ২০১৩, ২০:০৭
রাজধানীতে তিন দিনব্যাপী পরিবেশবান্ধব শিল্প প্রতিষ্ঠায় সবুজায়ন ব্যবসার আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন গ্রীনট্রেড ইনভেস্টমেন্ট বাংলাদেশ সম্মেলন ও প্রদর্শনী শুরু হয়েছে। গতকাল রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ সম্মেলন ও প্রদর্শনীর উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী জি.এম কাদের। দেশে সবুজায়ন খাতে আন্তর্জাতিক বিনিয়োগ ও টেকসই শিল্প প্রতিষ্ঠা এবং এ সংক্রান্ত প্রযুক্তির যথাযথ ব্যবহার সম্পর্কে উদ্যোক্তাদের অবহিত করতে এ প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে। আলোচনায় অংশ নিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, শ্রমিকদের কর্মবান্ধব পরিবেশ নিশ্চিত করার জন্য সরকার পদক্ষেপ গ্রহণ করেছে। শিল্পায়ন ও ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্থাপত্যবিদ্যা বিভাগের প্রধান প্রফেসর ড.আজিজুল মাওলার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত সেভেন্ড অলিং, বাংলাদেশ এ্যাক্রেডিটেশন বোর্ডের চেয়ারম্যান মঈনুদ্দিন মিয়াজি, বাংলাদেশ ইনডেন্টিং এজেন্ট এ্যাসোসিয়েশনের সভাপতি কে এম এইচ শহিদুল হক, খান ব্রাদার্স গ্রুপের চেয়ারম্যান মো. এনামূল কবীর খান প্রমুখ। মেলায় বাংলাদেশ, সুইজারল্যান্ড, জার্মানী, চায়না, ইটালী, নরওয়ে, ডেনমার্ক, ভারত, নেদারল্যান্ডস, মালয়েশিয়া, সিঙ্গাপুর, কোরিয়া, আমেরিকা এবং যুক্তরাজ্যের মোট ৭০টি প্রতিষ্ঠানের ৯০টি স্টল স্থান পেয়েছে। প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। মেলা চলবে আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত। মেলায় এনার্জি মেশিনারিজ, নবায়নযোগ্য সোলার এনার্জি টেকনোলজি, এনার্জি ম্যানেজমেন্ট, ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন ইত্যাদি মেশিন ও টেকনোলজি প্রদর্শিত হচ্ছে।