রক্ষীবাহিনী দিয়ে হত্যাযজ্ঞ চালাচ্ছে সিরিয়া

আপডেট : ১২ মার্চ ২০১৩, ২০:৪৩
ব্রাজিলের পাওলো পিনেহেইরোর নেতৃত্বাধীন জাতিসংঘের সিরিয়া বিষয়ক তদন্ত কমিশন জেনেভায় তাদের সর্বসাম্প্রতিক প্রতিবেদনে বলেছে, পপুলার কমিটি দিয়ে নির্বিচারে হত্যাযজ্ঞ চালানো হচ্ছে। এ হত্যাযজ্ঞ কখনো কখনো সাম্প্রদায়িক হত্যাকাণ্ডে রূপ নিচ্ছে। কাউকে কাউকে সরকার থেকে অস্ত্র এবং প্রশিক্ষণ দেয়া হচ্ছে বলেও ধারণা প্রকাশ করা হয়েছে প্রতিবেদনে। রক্ষীবাহিনী দিয়ে হত্যার প্রবণতা অত্যন্ত বিপজ্জনক বলে উল্লেখ করেছেন তদন্তকারীরা। বিভিন্ন সাক্ষী এবং ক্ষতিগ্রস্তদের সাক্ষ্যের ভিত্তিতে তদন্তকারীরা জানান, সরকার-সংশ্লিষ্ট রক্ষী বাহিনী লোকজনকে গ্রেপ্তার এবং হয়রানি করছে। আন্দোলনে সমর্থন থাকা অঞ্চলগুলোর মানুষদের ওপর এ হয়রানি চলছে। গোটা সিরিয়াজুড়েই পপুলার কমিটি তত্পর জানিয়ে ১০ পাতার ওই জাতিসংঘ প্রতিবেদনে বলা হয়, তারা সময় সময় বাড়ি বাড়ি তল্লাশি চালাচ্ছে, মানুষের পরিচয় খতিয়ে দেখছে, গণগ্রেপ্তার করছে, লুটপাট করছে এবং তথ্যদাতা হিসাবে কাজ করছে।