দিল্লির বাসে প্যারামেডিক্যাল ছাত্রীকে ধর্ষণ ও হত্যার সেই আলোচিত মামলার প্রধান আসামি বাসচালক রাম সিংয়ের তিহার জেলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করাকে কারা নিরাপত্তায় বড় ধরনের ত্রুটি বলে বর্ণনা করেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্ডে। তিনি এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেয়া ও ঘটনাটি তদন্ত করে দেখা হবে বলে জানান। কারাগারে রাম সিংয়ের আত্মহত্যার ঘটনায় দক্ষিণ এশিয়ার এই সর্ববৃহত্ কারাগারের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে মন্তব্য করে তিনি বলেন, ঘটনাটি কারা নিরাপত্তায় বড় ধরনের ত্রুটি। এটি কোনো ছোটখাট ব্যাপার না। এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। তিহার জেল কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার ভোর ৫টার দিকে নিজের পোশাক গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেন রাম সিং। তার লাশ দিল্লির দিন দয়াল উপাধ্যায় হাসপাতালে রাখা হয়েছে। পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, কারাগারে নিজের কক্ষে আত্মহত্যা করেন রাম সিং। গত ১৬ ডিসেম্বর সন্ধ্যায় বন্ধুর সঙ্গে সিনেমা দেখে ফেরার সময় একটি বাসে গণধর্ষণের শিকার হন ২৩ বছর বয়সী ওই ছাত্রী। ধর্ষণের পর সেই তরুণী ও তার বন্ধুকে ব্যাপক মারধর করা হয়। পরে চলন্ত বাস থেকে তাদের দু’জনকে ছুঁড়ে ফেলে বাসের চাকায় পিষ্ট করে মারার চেষ্টা হয় তাদের। সেই ঘটনার দুই সপ্তাহ পর ২৯ ডিসেম্বর সিঙ্গাপুরের এক হাসপাতালে মারা যায় ধর্ষিতা ওই ছাত্রী । এ ঘটনা নাড়িয়ে দেয় পুরো ভারতকে। নারীর প্রতি সহিংসতা রোধে কর্তৃপক্ষের ব্যর্থতায় এবং ধর্ষকদের ফাঁসির দাবিতে ভারতজুড়ে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। টানা বিক্ষোভের মধ্যে বাসচালক রাম সিংসহ ছয়জনকে আটক করে পুলিশ। গতমাসে দ্রুত বিচার আদালতে তাদের পাঁচজনের বিচার শুরু হয়। অন্যজন প্রাপ্তবয়স্ক না হওয়ায় কিশোর অপরাধ আদালতে তার বিচার চলছে।
