পিরোজপুরের মঠবাড়িয়ায় শনিবার রাতে ব্র্যাক অফিসসহ ৩ বাড়ি ডাকাতির ঘটনায় দায়িত্ব অবহেলার কারণে মঠবাড়িয়া থানার উপ-পরিদর্শক (এসআই ) মোঃ সেলিম মিয়া ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ফিরোজ আল মামুনকে প্রত্যাহার করে পিরোজপুর পুলিশ লাইনে পাঠানো হয়েছে। এদিকে গত রবিবার রাতে ব্র্যাক মঠবাড়িয়া শাখার হিসাবরক্ষক তমাল কুমার বাদী হয়ে ডাকাতির ঘটনায় অজ্ঞাত আসামী করে একটি ডাকাতি মামলা দয়ের করেন। থানা পুলিশ উপজেলার মিরুখালী এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে নোমান গাজী (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আবু যাহিদ জানান, ডাকাতির ঘটনা তদন্ত ও আসামীদের গ্রেফতারে সহয়তায় ৩ জন সিআইডি কর্মকর্তা এলাকায় সাঁড়াশি অভিযান চালাচ্ছে। এদিকে সিআইডি বরিশালের পুলিশ পরিদর্শক উথান চৌং জানান, ধস্তাধস্তিতে ডাকাত আহত হওয়ার রক্ত মাখা আলামত জব্দ করা হয়েছে।
