রংপুর সিটি কর্পোরেশনে আট কর্মকর্তা কর্মচারী সাসপেন্ড

আপডেট : ১২ মার্চ ২০১৩, ২১:১৯
নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগে রংপুর সিটি করপোরেশনের ৮ কর্মকর্তা-কর্মচারীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এর আগে গত ২৫ ফেব্রুয়ারি সুষ্ঠু তদন্তের স্বার্থে ৬ কর্মকর্তাকে ওএসডি করা হয়। অনিয়ম-দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় ওই ৬ জনসহ ৮ জনকে সোমবার সিটি মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টু সাময়িকভাবে বরখাস্ত করেছেন। রংপুর সিটি করপোরেশনের স্বাস্থ্য ইন্সপেক্টর শোয়ায়েব ইকবাল, যান্ত্রিক ইঞ্জিনিয়ার নূর আজাদ, উচ্চমান সহকারী নাইমুর রহমান নাইম, হিসাবরক্ষক শফিকুজ্জামান বাবলু, পরিদর্শক মোস্তফা আইয়ুব, স্কুল পরিদর্শক ফরহাদ হোসেনকে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে শোকজ করা হয়। শোকজের জবাব প্রদান করলেও মেয়র সরফুদ্দিন তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করেন। তারা বিভিন্ন শাখার প্রধান হওয়ায় তদন্ত কমিটিতে তাদেরও একটি অংশ থাকে এবং তদন্ত পুরোপুরি না হওয়ার আশংকায় ২৫ ফেব্রুয়ারি মেয়র ৬ কর্মকর্তাকে ওএসডি করেন। তদন্তে প্রাথমিকভাবে তাদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় গতকাল সহকারী হিসাবরক্ষক মুকুল ও পিয়ন মোজাহার আলী এবং ওই ৬ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়। এ ব্যাপারে সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা সরফুদ্দিন আহমেদ ঝন্টুর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগ থাকায় তাদেরকে সাময়িকভাবে বরখাস্ত করে পুনরায় শোকজ করা হয়েছে। দোষী প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।