বাংলাদেশ থেকে কানাডায় জনশক্তি রফতানির আহ্বান জানিয়েছেন স্পিকার মো. আবদুল হামিদ অ্যাডভোকেট। গতকাল মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে বাংলাদেশে সফররত কানাডার সিনেটরসহ একটি সংসদীয় প্রতিনিধি তাঁর অফিস কক্ষে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হলে তিনি এ আহ্বান জানান।
প্রতিনিধি দলকে স্বাগত জানিয়ে স্পিকার বলেন, কানাডা বাংলাদেশের উন্নয়নের অংশীদার এবং কানাডার সাথে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ । তিনি ভবিষ্যতে এ সম্পর্ক আরো সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
প্রতিনিধি দলে ছিলেন সিনেটর ন্যান্সি রুথ, সিনেটর মবিনা এস.বি.জাফের, রাসেল জেমস হেইবার্ট এমপি, এডউইন এনথনি হোল্ডার এমপি, জগীন্দ্র সিমস এমপি, কার্যনির্বাহী সচিব এলিজাবেথ কিংস্টোন এবং বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার উপস্থিত ছিলেন। এ সময় চিফ হুইপ উপাধ্যক্ষ মো. আবদুস শহীদ, হুইপ আ.স.ম. ফিরোজ, মো. হাফিজ উদ্দিন আহম্মেদ এমপি, বেগম সানজিদা খানম এমপি, আনিছুল ইসলাম মণ্ডল এমপি, মো. মুজিবুল হক এমপি উপস্থিত ছিলেন।
