কর্মসূচিতে বাধা দিলে আন্দোলনের দাবানল জ্বলে উঠবে

আপডেট : ১২ মার্চ ২০১৩, ২১:২১
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীরসাহেব চরমোনাই বলেছেন, সরকার কতিপয় নাস্তিক মুরতাদকে বাঁচাতে চাইছে। সরকার যদি শীর্ষ আলেম দ্বীন আল্লামা শফি আহূত কর্মসূচিতে বাধা দেয় এবং আলেম-ওলামাদের গ্রেফতার করে তাহলে সারাদেশে আন্দোলনের দাবানল জ্বলে উঠবে। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। পীরসাহেব চরমোনাই বলেন, দেশের ভয়াবহ পরিণতির সকল দায়ভার সরকারকেই বহন করতে হবে। অবিলম্বে নাস্তিক ব্লগারদের গ্রেফতার, আল্লাহ-রসূল (স.)-এর অবমাননাকারীদের বিরুদ্ধে শাস্তির আইন পাস করা না হলে দেশপ্রেমিক ঈমানদার জনতার আন্দোলনের মুখে এ সরকারের পতন ঘটবে। এদিকে দেশব্যাপী হত্যাযজ্ঞ, রাজনৈতিক সহিংসতা ও নৈরাজ্য বন্ধের দাবি, আল্লাহ রসূল (স.)-এর অবমাননাকারী নাস্তিক ব্লগারদের ফাঁসির দাবিতে আজ বুধবার বিকাল সাড়ে ৩টায় পুরানা পল্টন হাউস বিল্ডিং চত্বরে ইসলামী আন্দোলন মহানগরীর উদ্যোগে জমায়েত অনুষ্ঠিত হবে।