স্বচ্ছতা নিশ্চিত করতে মন্ত্রণালয় বিভাগ ও সংস্থাগুলোকে পরামর্শ

আপডেট : ১২ মার্চ ২০১৩, ২১:২১
সরকারি হিসাব সমপর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় যথাযথ দায়িত্ব পালনের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাগুলোকে পরামর্শ দেয়া হয়েছে। গতকাল সংসদ ভবনে কমিটির সভাপতি এম এ মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ পরামর্শ দেয় হয়। কমিটির সদস্য চিফ হুইপ মো. আব্দুস শহীদ, মুহা. ইমাজ উদ্দিন প্রামাণিক, খান টিপু সুলতান, নারায়ণচন্দ্র চন্দ এবং মোছা. ফরিদা আখতার সভায় অংশগ্রহণ করেন। সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন, কৃষি, নৌ-পরিবহন, খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা এবং যোগাযোগ মন্ত্রণালয়ের (৫টি মন্ত্রণালয়ের ৭টি প্রতিষ্ঠান) অধীন বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের (সিএজি) অডিট রিপোর্ট উপস্থাপন করে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) পিপিআর-৩ লংঘন করে উদ্দেশ্যমূলকভাবে নিম্ন দরদাতার দরপত্র বাতিল করে সর্বোচ্চ দরদাতাকে ক্রয়াদেশ দিয়ে টিএসপি সার ক্রয় করায় প্রতিষ্ঠানের ক্ষতি ১৯ কোটি ৬৪ লাখ ১৫ হাজার ৭৪৬ টাকা মর্মে উত্থাপিত অডিট আপত্তির প্রেক্ষিতে সর্বনিম্ন দরদাতার দরপত্রের শর্তানুযায়ী সার্টিফিকেট দাখিল করেনি সংক্রান্ত জটিলতা বিষয়ে সিএজি, বিএডিসি ও কৃষি মন্ত্রণালয় ত্রিপক্ষীয় সভার মাধ্যমে গৃহীত সিদ্ধান্ত প্রতিবেদন আকারে আগামী ৩০ দিনের মধ্যে প্রয়োজনীয় প্রমাণসহ সিএজির মাধ্যমে কমিটিকে অবহিত করার সুপারিশ করা হয়। সভায় আমাদানিকৃত টিএসপি সারের ঘাটতি মূল্য মেসার্স দেশ ট্রেডিং কর্পোরেশন ও মেসার্স মাল্টি লিংক রিসোর্সেস প্রতিষ্ঠান দুইটির নিকট হতে আদায় না হওয়ায় বিএডিসি’র ক্ষতি ১০ কোটি ৬৩ লাখ ৫ হাজার ৫৫ টাকা মর্মে উত্থাপিত অডিট আপত্তির প্রেক্ষিতে আপত্তিকৃত টাকা আদায় করে যথাযথ খাতে জমা করার সুপারিশ করা হয়। তবে সারসহ বার্জ আলতাফ জাহাজ ডুবে যাওয়ার ঘটনাটি এক্ট অব গড হিসেবে সাধারণ বীমা কর্পোরেশন কর্তৃক বীমা দাবি পরিশোধ করায় আপত্তিটি নিষ্পত্তির ব্রডশিট জবাব সংশ্লিষ্ট প্রয়োজনীয় প্রমাণ সিএজির মাধ্যমে কমিটিকে দাখিলের সুপারিশ করা হয়। সভায় টি-১০৪৯ ট্যাংকারটি টেন্ডারে মাসিক ভাড়া ৩ লাখ ৫৫ হাজার টাকা দরে পাওয়া সত্ত্বেও উক্ত দরে ভাড়া না দিয়ে ২৭ মাস পরে ২ লাখ ৫৭ হাজার টাকা দরে ভাড়া দেয়ায় বিআইডব্লিউটিসির ক্ষতি ৯৫ লাখ ৮৫ হাজার টাকা। পলিসিকৃত সময়ের মধ্যে জাহাজ ডুবে গেলেও ক্ষতির জন্য ইন্স্যুরেন্সের দাবি পেশ না করায় বিআইডব্লিউটিসির ক্ষতি ৭০ লাখ ৩৪ হাজার ৫শ টাকা এবং টেন্ডার ব্যতীত অনিয়মিতভাবে ফেরির ক্যাটারিং ঠিকাদার নিয়োগ ও পুনঃ পুনঃ মেয়াদ বৃদ্ধির মাধ্যমে ইচ্ছানুযায়ী রয়্যালটি নির্ধারণ করায় বিআইডব্লিউটিসির ক্ষতি ৫০ লাখ ৮২ হাজার ১১৪ টাকা মর্মে উত্থাপিত ৩টি অডিট আপত্তির প্রেক্ষিতে সিএজি, বিআইডব্লিউটিসি এবং নৌ-পরিবহন ত্রিপক্ষীয় সভার মাধ্যমে গৃহীত সিদ্ধান্ত প্রতিবেদন আকারে আগামী ৩০ দিনের মধ্যে প্রয়োজনীয় প্রমাণসহ সিএজির মাধ্যমে কমিটিকে অবহিত করার সুপারিশ করা হয়। কৃষি মন্ত্রণালয়ের সচিব মনজুর হোসেন, নৌ-পরিবহন মন্ত্রণারয়ের সচিব সৈয়দ মনজুরুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তা, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন।