স্মৃতি ভোলা সমস্যা রোধে ব্যায়াম

আপডেট : ১২ মার্চ ২০১৩, ২১:২২
হঠাত্ অতি প্রিয়জন, বন্ধু, নিকট আত্মীয় অথবা বহুবার ফোন করেছেন এমন চেনা ফোন নম্বরও মনে করতে পারছেন না। অথবা ঘড়ি, কলম, চশমা কাছেই রেখে খুঁজে বেড়াচ্ছেন কর্মক্ষেত্রে অথবা ঘরের প্রতিটি জায়গা। এ ধরনের সমস্যার নাম আলঝেইমারস বা স্মৃতি ভোলা। কিন্তু বিশেষজ্ঞগণ এই স্মৃতি ভোলা সমস্যা রোধে নিয়মিত শরীর চর্চা বা ফিজিক্যালি অ্যাকটিভ থাকার পরামর্শ দিয়েছেন। এতে প্রতি ৭ জনে ১ জন আলঝেইমারস নামক সমস্যা থেকে রক্ষা পেতে পারেন। কানাডার ওন্টারিওর ব্রেইন ইনস্টিটিউট-এর প্রেসিডেন্ট ও সায়েন্স ডিরেকটর ড: ডোনাল্ড স্ট্যাস উল্লেখ করেছেন এ যাবত্কালের সবচেয়ে আশাব্যঞ্জক গবেষণা হচ্ছে এটি যে ব্যায়াম স্মৃতি ভোলা সমস্যা রোধে সহায়ক। টরেন্টোর ইয়র্ক ইউনিভার্সিটি স্কুল অব কিনসিওলজি এন্ড হেলথ সায়েন্স-এর অধ্যাপক ও গবেষণার অথার অধ্যাপক মাইকেল রটোনডি উল্লেখ করেছেন, যে সমস্ত লোকের বয়স ৬৫ বছরের বেশি এবং যারা নিয়মিত ব্যায়াম করেন এবং ফিজিক্যালি অ্যাকটিভ আছেন তাদের স্বাভাবিকের চেয়ে শতকরা ৩৮ ভাগ স্মৃতি ভোলা সমস্যা কম হয়। পাবলিক হেলথ এজেন্সী অব কানাডার অভিমত প্রতি সপ্তাহে অন্তত ৫ দিন প্রতিবার অন্তত ৩০ মিনিট করে ব্যায়াম করা উচিত। অথচ শতকরা ৮৫ ভাগ বয়স্ক লোক ব্যায়াম করতে অভ্যস্ত নন। বিশেষজ্ঞগণের অভিমত: ব্যায়াম শরীরের রক্তচলাচল বৃদ্ধি করে, ফলে মস্তিষ্কে গ্লুকোজ ও অক্সিজেনের প্রবাহ বাড়ে। ফলে মস্তিষ্ক অধিকতর অ্যাকটিভ থাকে। হাঁটা-চলা, ব্যায়াম, সুইমিং, রানিং, ড্যান্সিং ইত্যাদি উত্তম ব্যায়াম বলে মনে করেন বিশেষজ্ঞগণ।