বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশি অভিযান ও বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দেড় শতাধিক নেতাকর্মীকে আটকের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন । তিনি বলেছেন ,সংসদের প্রধান বিরোধীদলের কেন্দ্রীয় কার্যালয়ে তিন ঘন্টাব্যাপী পুলিশি এ্যাকশন সরকারের চরম অসহিষ্ণুতা ও স্বৈরতান্ত্রিক শাসনেরই বহিঃপ্রকাশ। হাতুড়ি দিয়ে অফিসের দরজা ভাংগা, উচ্চ আদালতের রায়ে জামিনে থাকার পরও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে গ্রেফতার এমন এক পরিস্থিতির দিকে দেশকে ঠেলে দিচ্ছে যার সাথে আইনের শাসন ও সাধারণ গণতান্ত্রিক রীতিনীতির কোন সম্পর্ক নেই। বিবৃতিতে তিনি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপর ধারাবাহিক হামলা-আক্রমণের ঘটনায়ও গভীর উদ্বেগ প্রকাশ করেন ও নিন্দা জানান।
