লরিওস স্পোর্টস অ্যাওয়ার্ডস ২০১৩

বর্ষসেরা বোল্ট

আপডেট : ১২ মার্চ ২০১৩, ২১:৩০
‘কঠিন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা সময় গেছে গত বছরটায়। ২০১৬-তে আমি আবারো রিওতে (ডি জেনিরো) ফিরে আসবো।’ স্পোর্টস ডেস্ক উসাইন বোল্ট তৃতীয়বারের মতো লরিওস স্পোর্টস অ্যাওয়ার্ডে বর্ষসেরা পুরুষ ক্রীড়াবিদ নির্বাচিত হলেন। লন্ডন অলিম্পিকে অসাধারণ নৈপুণ্য প্রদর্শনের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার পেলেন তিনি। অপরদিকে বর্ষসেরা মহিলা ক্রীড়াবিদের পুরস্কার গেছে ব্রিটিশ অ্যাথলেট জেসিকা এনিসের দখলে। ইউরোপের রাইডার কাপ গলফারদের দখলে গেছে বর্ষসেরা দলের পুরস্কারটি। রিও ডি জেনিরোতে গত সোমবার এই পুরস্কার ঘোষণা করা হয়। বেইজিং অলিম্পিকের অবিশ্বাস্য পারফরমেন্সের পর বোল্ট ২০০৯ সালে প্রথমবারের মতো ক্রীড়াক্ষেত্রের অন্যতম মর্যাদাবান এই পুরস্কার জেতেন। ১০০ এবং ২০০ মিটার স্প্রিন্টের বিশ্ব রেকর্ডধারী এই অ্যাথলেট এরপর ২০১০ সালে আবারো জেতেন এই খেতাব। এবার তৃতীয় দফায় এই পুরস্কারটি পেলেন ২০১২ লন্ডন অলিম্পিকে তার অসাধারণ ক্রীড়া সাফল্যের স্বীকৃতি হিসেবে। লন্ডন অলিম্পিকে বোল্ট ১০০ এবং ২০০ মিটারে স্বর্ণ ধরে রাখেন। পাশাপাশি নতুন বিশ্বরেকর্ড গড়ে অব্যাহত রাখেন চার গুণীতক ১০০ মিটার রিলের শিরোপাও। বর্ষসেরা ক্রীড়াবিদ হওয়ার লড়াইয়ে তার প্রবল প্রতিদ্বন্দ্বী ছিলেন আরো কয়েকজন। এর মধ্যে আছেন লন্ডন অলিম্পিকে জোড়া স্বর্ণ জয়ী ব্রিটেনের মো ফারাহ, ফর্মূলা ওয়ান চ্যাম্পিয়ন সেবাস্তিয়ান ভেটেল, ট্যুর ডি ফ্রান্স চ্যাম্পিয়ন ব্রাডলি উয়িগিন্স, গত বছর বল পায়ে ফুটবল মাঠ দাপিয়ে বেড়ানো লিওনেল মেসি এবং ইতিহাসের অন্যতম সেরা অলিম্পিয়ান হিসেবে স্বীকৃতি পাওয়া মাইকেল ফেলপস। এতসব সুপারস্টারকে পেছনে ফেলে বর্ষসেরার খেতাব পাওয়ার পর বোল্ট স্বাভাবিকভাবেই দারুণ উচ্ছ্বসিত। এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘কঠিন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা সময় গেছে গত বছরটায়। ২০১৬-তে আমি আবারো রিওতে (ডি জেনিরো) ফিরে আসবো।’ বর্ষসেরা তারকার পুরস্কার না পেলেও লন্ডন অলিম্পিকে তিনটিসহ মোট ১৮টি অলিম্পিক স্বর্ণপদকের মালিক মাইকেল ফেলপসকে তার অবিশ্বাস্য কীর্তির জন্য দেয়া হয়েছে বিশেষ সম্মাননা। আজীবন সম্মাননা পেয়েছেন সাবেক অলিম্পিয়ান এবং লন্ডন গেমসের আয়োজক সেবাস্তিয়ান কো। আবেগাপ্লুত কো আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘সহকর্মীদের পক্ষ থেকে আপনি যে পুরস্কার পাবেন, মর্যাদা এবং দায়িত্বশীলতার বিচারে তারচেয়ে সেরা আর কিছু হতে পারে না। অসাধারণ একটা সম্মান এটি। আমার চারপাশের মানুষগুলোর দিকে তাকালেই আমি সেটি অনুভব করতে পারছি।’ শব্দের চেয়ে বেশি গতিতে আকাশ থেকে লাফ দেয়া স্কাই ডাইভার ফেলিক্স বামগার্টনার অ্যাকশন ক্যাটাগরিতে পেয়েছেন সেরার পুরস্কার। ব্রাজিলিয়ান সাঁতারু ড্যানিয়েল ডায়াস পেয়েছেন ‘ডিজাবল্ড অ্যাওয়ার্ড’। সেরেনা উইলিয়ামস, লিন্ডসে ভন, মিসি ফ্রাঙ্কলিনদের হারিয়ে বর্ষসেরা মহিলা ক্রীড়াবিদের পুরস্কার জিতেছেন ব্রিটিশ হেপটাথলট জেসিকা এনিস। রাইডার কাপে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ১০-৬ ব্যবধানে পিছিয়ে থেকে শেষ দিন শুরু করার পরও মহাকাব্যিক কিছু একক জয়ের সুবাদে শিরোপা জেতা ইউরোপিয়ান রাইডার কাপ দল পেয়েছে বর্ষসেরা দলের পুরস্কার। এ বিভাগে তাদের প্রতিদ্বন্দ্বিতা ছিল অলিম্পিক সোনাজয়ী আমেরিকার বাস্কেটবল দল ও স্পেন জাতীয় ফুটবল দল। পুরস্কার জেতার পর দলের সদস্য ইয়ান পৌলটার একটি রেকর্ড করা বিবৃতিতে বলেন, ‘এটা সত্যিই বিশেষ কিছু। এটা আমাদের জন্য সত্যিই অনেক বড় কিছু।’ ২০১১ এবং ২০১২ সালের বর্ষসেরা পুরুষ ক্রীড়াবিদের পেয়েছিলেন দুই টেনিস তারকা নোভাক জোকোভিচ এবং রাফায়েল নাদাল। তবে এবার আর কোন টেনিস তারকা এই পুরস্কার না পেলেও টেনিস তারকা অ্যান্ডি মারে জিতেছেন সেরা ‘ব্রেকথ্রু’ ক্রীড়াবিদের সম্মান। হলিউড সুপারস্টার মরগান ফ্রিম্যান এবং ইভা লঙ্গারিয়ার উপস্থাপনায় প্রথমবারের মতো রিও ডি জেনিরোতে এই অনুষ্ঠান আয়োজিত হয়। বরিস বেকার, জ্যাক নিকোলাসসহ লরিয়াস স্পোর্টস অ্যাকাডেমির ৫০ জনের সমন্বয়ে গঠিত জুরি বোর্ড নির্বাচিত করে পুরস্কারপ্রাপ্তদের তালিকা। —সুপারস্পোর্ট