ফিফা থেকে সাময়িক বহিষ্কৃত মনিলাল ফার্নান্দো

আপডেট : ১২ মার্চ ২০১৩, ২১:৩২
আগামী তিন মাসের জন্য ফুটবলের সব ধরনের কার্যক্রম থেকে ফিফার কার্যনির্বাহী কমিটির সদস্য মনিলাল ফার্নান্দোকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থাটি। সোমবার ফিফা বিষয়টি নিশ্চিত করেছে। তবে শ্রীংলকান এই ফুটবল কর্মকর্তার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পর্কে বিস্তারিত কোন কিছু জানায়নি ফিফা। তবে এক বিবৃতিতে তারা জানিয়েছে, গত বছর অক্টোবরে তার বিরুদ্ধে আনা অভিযোগের ভিত্তিতে তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। মনিলালের বিরুদ্ধে আনীত অভিযোগের ভিত্তিতে গঠিত তদন্ত কমিটির চেয়ারম্যান চূড়ান্ত রিপোর্ট পেশ করেন। তারই ভিত্তিতে ফিফা এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। উল্লেখ্য, ৬৩ বছর বয়সী ফার্নান্দো এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) এর প্রতিনিধি হিসাবে ২০১১ সালে ফিফা কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হন। ধারণা করা হচ্ছে এএফসির সাবেক প্রধান মোহাম্মদ বিন হাম্মামের বিরুদ্ধে আনীত অভিযোগের সাথে মনিলালের এই বহিষ্কারাদেশের কোন সম্পর্ক আছে। - বাসস/এএফপি