আর্সেনালের জন্য আজ অ্যালিয়েঞ্জ অ্যরেনাতে অগ্নিপরীক্ষা অপেক্ষা করছে। বায়ার্ন মিউনিখের মাঠে ইংল্যান্ডের দলটি খেলতে যাচ্ছে অনেকটা পিছিয়ে থেকে। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে এমন পিছিয়ে থেকেও পরের রাউন্ডে যাওয়ার ঘটনা বিরল। কিন্তু কোয়ার্টার ফাইনালে যেতে এই অসাধ্য সাধন করতে হবে গানারদের । চ্যাম্পিয়ন্স লিগে এখন পর্যন্ত টিকে থাকা একমাত্র ইংলিশ দল আর্সেনাল। আর টিকে থাকার লড়াইয়ে সামপ্রতিক সময়ে বেশ আত্মবিশ্বাসী ফুটবল খেলা বায়ার্ন মিউনিখ তাদের জন্য কঠিন এক পরীক্ষা নিয়েই আসছে।
লন্ডনে এমিরেটস স্টেডিয়ামে গত মাসে গানারদের ৩-১ গোলে হারিয়েছিল বায়ার্ন। এই জয়ে চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের অবস্থান সুসংহত করে মিউনিখের দলটি। কোয়ার্টার ফাইনালে এক পা দিয়ে রেখেছে তারা। কারণ প্রতিপক্ষের মাঠে এই ব্যবধানে জয় মানে নিশ্চিত পরের রাউন্ড। আর তা হলে গত চার আসরে তৃতীয়বারের মত শেষ আটে পৌঁছাবে বাভারিয়ানরা।
আর্সেনালের জন্য আশার বাণী রয়েছে। চ্যাম্পিয়ন্স লিগে নক আউট রাউন্ডে নিজেদের মাঠে হেরে ফিরতি লেগে প্রতিপক্ষের মাঠে জয়ের নজির রয়েছে। মাত্র দুইবার এমন ঘটনা দেখেছে চ্যাম্পিয়ন্স লিগ। আয়াক্স আমস্টারডাম ১৯৯৫-৯৬ মৌসুমে প্যানাথিনাইকোসের বিপক্ষে এমনভাবে জয় পায়। ইন্টারমিলান ২০১০-১১ মৌসুমে এই শেষ ষোলোতে আকস্মিকভাবে বায়ার্নের বিপক্ষে ফিরতি লেগে জয় তুলে নেয়।
বায়ার্ন প্রথম লেগে মিলানে ১-০ গোলে জয় পেয়েছিল। কিন্তু ফিরতি লেগে তারা ইন্টারের কাছে ৩-২ গোলে হেরে যায় এবং অ্যাওয়ে গোলের নিয়মে বাদ পড়ে টুর্নামেন্ট থেকে।
আর্সেনালকে দুই গোল পরিশোধ করতে হবে। সেই সাথে মানসিকভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। নর্থ লন্ডনে তারা বায়ার্নের বিপক্ষে দাঁড়াতেই পারেনি। আর্সেনালের কোচ আর্সেন ওয়েঙ্গার বলেন,‘ কোন সংশয় নেই। এমন এক দলের বিপক্ষে কঠিন পরিবেশে আমরা এই ম্যাচটি খেলতে যাচ্ছি। আমাদের মানসিকতা এগিয়ে যাওয়ার, অব্যাহতি নেয়া নয়। আমাদের উচ্চাকাঙ্ক্ষা রয়েছে। মোটেও সেখানে গিয়ে চিন্তা করব না আমরা কোনভাবেই পরের রাউন্ডে যেতে পারবো না। কখনোই না। আমরা মিউনিখে যাচ্ছি সুযোগ কাজে লাগাতে। সবাই বিশ্বাস করে আমরা এটা করতে পারবো।’
আর্সেনাল ডিফেন্ডার বাকারি স্যায়নাকে ছাড়াই মাঠে নামবে। কারণ তিনি ইনজুরিগ্রস্ত। তবে জার্মানির পার মার্টেসেকার এবং বায়ার্নের সাবেক খেলোয়াড় লুকাস পোডলস্কি দেশে ফিরে জয়ের স্বাদ নিতে চাইবে।
চলতি মৌসুমে দারুণ খেলছে বাভারিয়ানরা। বুন্দেসলিগা শিরোপা প্রায় নিশ্চিত করে ফেলেছে তারা। আর তিনটি ম্যাচ জিতলে শিরোপা হাতে চলে আসবে তাদের। জার্মান কাপের সেমিফাইনালে রয়েছে তারা। আর চ্যাম্পিয়ন্স লিগ শিরোপার দৌড়ে ভালোভাবেই রয়েছে দলটি। বুন্দেসলিগায় বর্তমান চ্যাম্পিয়ন দ্বিতীয়স্থানে থাকা বরুশিয়া ডর্টমুন্ড থেকে বায়ার্ন ২০ পয়েন্ট ব্যবধানে এগিয়ে রয়েছে।
বায়ার্ন আজ তিনজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে দলে পাচ্ছে না। দলের উইঙ্গার ফ্রাঙ্ক রিবেরি ইনজুরির জন্য খেলতে পারবেন না। ডিফেন্ডার জেরোম বোয়েটাং নিষিদ্ধ রয়েছেন। আর মিডফিল্ডার বাস্তিয়েন শোয়েনস্টেইগার তো সাইডলাইনে রয়েছেন।
রিবেরির স্থলাভিষিক্ত হতে পারেন আরিয়েন রোবেন। গত মাসে নেদারল্যান্ডসের এই খেলোয়াড়ের গোলে বায়ার্ন মিউনিখে ১-০ গোলে বরুশিয়া ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে উঠে যায়। আজ শোয়েইনস্টেইগারের বদলি হিসেবে মাঠে নামতে পারেন ব্রাজিলের লুইজ গুস্তাভো। সেন্ট্রাল ডিফেন্সে বোয়েটাংয়ের স্থলাভিষিক্ত হতে পারেন ড্যানিয়েল ফন বুইটান।
