হযরত শাহজালাল বিমানবন্দর এলাকায় কিশোরীর লাশ

আপডেট : ১২ মার্চ ২০১৩, ২১:৪৯
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় ধর্ষণের পর এক কিশোরীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার পর দুর্বৃত্তরা কিশোরীর লাশ সিভিল এভিয়েশন স্টাফ কোয়ার্টারের আমবাগানের পুকুর পাড়ে ফেলে যায়। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় বিমানবন্দর থানা পুলিশ লাশটি উদ্ধার করে। কিশোরীর কোন পরিচয় জানাতে পারেনি পুলিশ। লাশ ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে রয়েছে। থানার এসআই মোহাম্মদ মামুনুর রশীদ জানান, গতকাল সকালে স্থানীয়রা বিমানবন্দর থানার সিভিল এভিয়েশন স্টাফ কোয়ার্টার আমবাগানের পুকুর পাড়ে এক কিশোরীর লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পুলিশ সকাল ৮টার দিকে লাশ উদ্ধার করে। তার গলায় ও দুই হাতে আঁচড়ের চিহ্ন পাওয়া গেছে। পুলিশ ধারণা করছে মেয়েটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।