ঝিনাইদহে কালীমন্দিরে ২৩টি শিবমূর্তি ভাংচুর

আপডেট : ১২ মার্চ ২০১৩, ২২:২৩
ঝিনাইদহে কালীমন্দিরের দরজা ভেঙ্গে ২৩টি শিবমূর্তি ভাংচুর করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার ভোর রাতে কালীগঞ্জ উপজেলার পারখালকুলা অঙ্গীতা মহাশ্মশান কালীমন্দিরে এই হামলার ঘটনা ঘটে। প্রায় আড়াইশ’ বছরের পুরাতন এই মন্দিরে ১৫০টি মূর্তি রয়েছে। ঘটনার পর সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) লিয়াকত হোসেন জানান, কালীগঞ্জ উপজেলার জামাল ইউনিয়নের বেগবতী নদীর তীরে খালকুলা গ্রামে মহাশ্মশানের কালীমন্দিরে ভোরে রাতে হামলা করে দুর্বৃত্তরা। ঘটনার পরপরই সংখ্যালঘু সমপ্রদায়ের মানুষ আতঙ্কিত হয়ে পুলিশকে জানায়। পুলিশ এ ঘটনা তদন্ত শুরু করেছে। তবে কেউ আটক হয়নি। এ ঘটনায় কালীগঞ্জ থানায় মামলা হয়েছে। কালীগঞ্জ উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সুনিল ঘোষ জানান, মন্দিরের বড় বড় পাথরের মূর্তিগুলো অক্ষত অবস্থায় আছে। ভাংচুর করা হয়েছে ২৩টি শিবমূর্তি। এদিকে দুপুরে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান, জেলা প্রশাসক খাজা আব্দুল হান্নান, পুলিশ সুপার আলতাফ হোসেন, কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল আজিম আনার ও উপজেলা নির্বাহী অফিসার এরাদুল হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।