অ্যালবাম

মনে রেখো পৃথিবী

আপডেট : ১৩ মার্চ ২০১৩, ১৮:৫৪
ইমপ্রেস অডিও ভিশন লি. বাজারে নিয়ে এসেছে উপমহাদেশের বরেণ্য শিল্পীদের নিয়ে শাওন চৌধুরীর গানের অ্যালবাম ‘মনে রেখো পৃথিবী’। মোট আটটি গান নিয়ে অ্যালবামটি সাজানো হয়েছে। প্রথমবারের মতো বাংলাদেশের কোনো কণ্ঠশিল্পীর সঙ্গে দৈত্বকণ্ঠে গান গেয়েছেন বিশ্ববরেণ্য কণ্ঠশিল্পী লতা মুঙ্গেশকর। এ ছাড়াও শাওন চৌধুরীর সাথে আরো কণ্ঠ দেন, আশা ভোঁসলে, সাবিনা ইয়াসমিন, হৈমন্তি শুক্লা, মিতালী মুখার্জি। গানগুলো হচ্ছে—‘কেন অমন করে’, ‘মনে রেখো পৃথিবী’, ‘ধোয়া উড়ছি’, ‘শেষের কবিতা’, ‘এই মন কিছুই পেলো না’, ‘একাকী জীবন’, ‘এক পৃথিবী একই আকাশ’। গানগুলো লিখেছেন বীরেশ্বর সরকার, আলাউদ্দীন আলী, আহমেদ ইমতিয়াজ বুলবুল, সৈয়দ জামান, আজিজুর রহমান আজিজ, নূর হোসেন দিলু, মিল্টন খন্দকার, সৈয়দ আবু নাহার। সুর করেছেন বীরেশ্বর সরকার, আলাউদ্দিন আলী, আহমেদ ইমতিয়াজ বুলবুল, মো. শাহনেওয়াজ, মোস্তফা আহমেদ। সংগীত পরিচালনা করেছেন আলাউদ্দিন আলী, আহমেদ ইমতিয়াজ বুলবুল, মো. শাহনেওয়াজ, মোস্তফা আহমেদ, শান্তনু ও মোস্তাক আহমেদ। শাওন চৌধুরী বলেন, ‘লতাজির সঙ্গে গান গাইতে পারাটা আমার সংগীতজীবনের সবচেয়ে স্মরণীয় ঘটনা। অলকা ইয়াগনিক, আশা ভোঁসলে, হৈমন্তী শুক্লা, সুমনা চক্রবর্তী, চান্দ্রে সিং প্রমুখের সঙ্গে একটি দ্বৈত অ্যালবামে কাজ করার লক্ষ্য নিয়ে ২০০৯ সালে আমি ভারতে যাই। সবার সঙ্গে গাওয়ার পর যোগাযোগ করি লতা মঙ্গেশকরের সঙ্গে। কণ্ঠ শোনার পর তিনি আমার সঙ্গে গাইতে সম্মতি জানান। তবে অসুস্থতার কারণে তখন গানে ভয়েস দিতে পারেননি তিনি। পরে গত ফেব্রুয়ারি মাসে গানটিতে বোম্বের একটি স্টুডিওতে ভয়েস দেন তিনি।’